আর জি কর কাণ্ডের জেরে রাজ্যের নানান প্রান্ত প্রতিবাদমুখর। দিকে দিকে চলছে বিক্ষোভ-আন্দোলন। মহালয়ার আগের রাতে এই আন্দোলনের উপরই হামলা চালায় তৃণমূলের লোকজন। আন্দোলনকারীদের দাবী, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নির্দেশেই এই হামলা চলেছে। এবার এই ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও।
গত মঙ্গলবার মহালয়ার আগের দিন শহরে বিশাল মিছিল করেন জুনিয়র চিকিৎসকরা। মহালয়ার আগের রাতেও নানান জায়গায় ছিল বিশেষ কর্মসূচি। রাত দখল, ভোর দখল এমন নানান কর্মসূচি করেন আন্দোলনকারীরা। টালিগঞ্জের করুণাময়ীতেও ছিল রাত দখলের কর্মসূচি। সেখানেই হামলা করে তৃণমূল।
আন্দোলনকারীদের দাবী, ১১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রত্না শূরের নির্দেশেই এই হামলা চালিয়েছে তৃণমূলের লোকজন। তারা জানান, করুণাময়ী বাজারের ভিতর ১০০ জনের মতো একটা জমায়েত ছিল সেদিন রাতে। তারাই বেরিয়ে এসে কর্মসূচিতে হামলা চালায়। পূর্বপরিকল্পিত না হলে এত রাতে এতজনের একটা জমায়েত হামলা চালাত না বলেই দাবী আন্দোলনকারীদের।
তারা এও দাবী করেন, তৃণমূল পার্টি অফিস থেকে লোকজন এসে রাত দখলের কর্মসূচিতে হামলা চালায়। মিছিলে থাকা মেয়ে, শিশুদের মারধর করে তারা। মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। অনেকের ফোন ভেঙে দেন তারা, এমনটাই অভিযোগ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ওঠে প্রশ্ন। আন্দোলনকারীদের দাবী, পুলিশ চাইলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারত কিন্তু তারা সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। এই ঘটনার পর হরিদেবপুর থানায় বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।
এই ঘটনাতেই এবার কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই ঘটনায় মামলা দায়েরের আর্জি জানানো হয়। সেই মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে আন্দোলনকারীদের। আদালতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। আগামীকাল, শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে জানানো হয়েছে।





