ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, পুজোর সময় কী বৃষ্টিতে ভাসবে শহর? রাত জেগে ঠাকুর দেখা মাটি? কী খবর শোনাল আবহাওয়া দফতর?

আগামী সপ্তাহেই দুর্গাপুজো। ঢাকে কাঠি পড়ল বলে। দিকে দিকে এখন মাতৃবন্দনার প্রস্তুতি। একাধিক মণ্ডপ উদ্বোধন হয়েও গিয়েছে। মহালয়া থেকেই প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েছেন মানুষজন। তবুও সকলের মনে এখন প্রশ্ন, পুজোর চারটে দিন বৃষ্টিতে ভাসবে না তো? অহরহ এখন তাই আবহাওয়া দফতরের পূর্বাভাসের জন্য অপেক্ষা করছে আপামর বাঙালি!

এরই মধ্যে আবহাওয়া নিয়ে এক বড় খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আজ, শুক্রবারই উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর জেরে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই নিম্নচাপের জেরে আজ, শুক্রবার ভারী বৃষ্টি হবে।

হাওয়া অফিস সূত্রে খবর, এই নিম্নচাপের জেরে পুজোর আগে ব্যাক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত এমন বৃষ্টি চলবে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।

শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বেশ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি হবে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টি।

তবে একটাই সুখবর যে এই মুহূর্তে বৃষ্টি হলেও পুজোর সময়টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। জানা গিয়েছে, একনাগাড়ে বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই পুজোর চারদিন। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হলেও তা খুবই সামান্য। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।  

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, শুক্রবার কলকাতায় দিনভর বৃষ্টি হতে পারে তবে সব এলাকায় নয়। আকাশ এদিন মূলত মেঘলাই থাকবে। আজ, শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯৭ শতাংশ।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles