জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির বিরোধিতা করে হাইকোর্টে মামলা, কী জানাল আদালত? কোনও বড় পদক্ষেপ চিকিৎসকদের বিরুদ্ধে?

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা। মাঝে কর্মবিরতি আংশিক তুলে নিলেও ফের সাগর দত্ত মেডিক্যাল হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনার পর ফের পূর্ণ কর্মবিরতির ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। তাদের সেই কর্মবিরতির বিরুদ্ধেই হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় কী জানাল উচ্চ আদালত?

এই বেসরকারি সংস্থার ডিরেক্টর রাজু ঘোষ দাবী করেছিলেন, আদালত অবমাননা করছেন জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের তরফে তাদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আইনের বিরুদ্ধে গিয়ে পূর্ণ কর্মবিরতি বজায় রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। ফলে আদালত অবমাননার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে করা মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন মামলাকারী।

সেই মামলা ওঠে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চে। আজ, শুক্রবার আদালতের তরফে জানানো হয়, এই মামলার দ্রুত শুনানির কোনও প্রয়োজন নেই। পুজোর পর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ যখন বসবে, সেই সময় এই মামলার শুনানি হবে বলে জানাল ডিভিশন বেঞ্চ। অর্থাৎ পুজোর আগে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে কোনও নির্দেশ দেবে না কলকাতা হাইকোর্ট, এটা বেশ স্পষ্ট।

তবে পুজোর পর আর এই মামলার কোনও শুনানির প্রয়োজন পড়বে কী না, তা নিয়েও বেশ সন্দেহ রয়েছে। কারণ যা শোনা যাচ্ছে তাতে জুনিয়র চিকিৎসকরা হয়ত কর্মবিরতি তুলে নিতে পারেন। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত জিবি বৈঠক করেছেন তারা। সেখানেই বৈঠকে তাদের কর্মবিরতি তুলে নেওয়া নিয়েই আলোচনা করা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ বেহাল অবস্থা নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর, ভেঙে দু’ভাগ, পুজোর আগে বন্ধ সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন নদিয়া-বর্ধমানের মধ্যে, দুর্ভোগ বাসিন্দাদের 

জানা যাচ্ছে, সিনিয়র চিকিৎসকদের একাংশও কর্মবিরতি তুলে নেওয়ার পক্ষে। ফলে চাপ বেড়েছে জুনিয়র চিকিৎসকদের উপর। সূত্রের খবর, কর্মবিরতি তুলে নিয়ে অন্য পথে আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তারা। সেটা অনশন হতে পারে। তবে কর্মবিরতি উঠলেও আন্দোলন জারি থাকবে। আজ, শুক্রবারই কর্মবিরতি নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারেন জুনিয়র চিকিৎসকরা।

RELATED Articles