রোদ ঝলমলে আবহাওয়া নাকি বৃষ্টি? কেমন কাটবে পুজোর শেষ দিনটা? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

পুজোর প্রথম থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছেই বাংলায়। কলকাতা থেকে শুরু করে নানান জেলায় কমবেশি বৃষ্টি হয়েছে। আজ, শনিবার পুজোর শেষদিন। কেমন কাটবে এই দিনটা? এদিন কী বৃষ্টির জেরে পণ্ড হবে ঠাকুর দেখা?

পুজোর শুরু থেকেই বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা-সহ নানান জেলায়। কিন্তু কেন এই বৃষ্টি? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, প্রতি বছরই বর্ষার বিদায়ের সময় সাগরে বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। এর ফলে যে জলীয় বাষ্প তৈরি হয়, সেই থেকেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়। তবে তা এখন ক্রমশ দুর্বল হয়ে পড়ায় বৃষ্টির সম্ভাবনা এখন কম বঙ্গে।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, শনিবার পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, দুই বর্ধমান ও বাঁকুড়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, কলকাতা, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, নদিয়া ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে জেলায় শনিবার কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

জানা গিয়েছে, আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯১ শতাংশ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর