যৌথ সংসদীয় কমিটির বৈঠকে এক কীর্তি ঘটিয়েছেন তিনি। কাচের বোতল ভেঙে তা প্রবীণ সাংসদ জগদম্বিকা পালের দিকে ছোঁড়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে তীব্র নিন্দার মুখে পড়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের শিকার হলেন তিনি।
গত মঙ্গলবার সংসদের অ্যানেক্স ভবনে ছিল যৌথ সংসদীয় কমিটির বৈঠক। ওয়াকফ বোর্ড সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছিল বৈঠকে। এদিন বৈঠকে দুটি সংগঠন ওয়াকফ আইন নিয়ে নিজেদের বক্তব্য জানাচ্ছিল। সেই সময় বারবার নিজের বক্তব্য রাখতে চাইছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সভাপতি তাঁকে বলার সুযোগও দেন। কিন্তু কল্যাণ তাতে সন্তুষ্ট ছিলেন না। তিনি ফের বলতে চাইছিলেন।
এই নিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিবাদ করায় তাঁকে গালিগালাজ করতে থাকেন কল্যাণ। এক পর্যায়ে গিয়ে তিনি কাচের জলের বোতল ছোঁড়েন সভাপতি জগদম্বিকা পালের দিকে। তাতে তাঁর কিছু হয়নি কিন্তু সেই ভাঙা চোট পান কল্যাণ নিজেই। হাতের ২টি আঙুল জখম হয় তাঁর। সেই ঘটনায় তাঁকে বৈঠক থেকে একদিনের জন্য বহিষ্কার করা হয়েছে। এমনকি তাঁর সাংসদ পদ খারিজের দাবীও উঠেছে।
এরই মধ্যে গতকাল, বুধবার নাম না করেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, “৭৫ বছর বয়সে পৌঁছেও কংগ্রেস ছেড়ে আপনি বিজেপির প্রতি আস্থা রেখেছেন। এই বয়সেও গুরুত্বপূর্ণ পদে থেকে আপনি স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি। আপনি কখনও একজন সত্যিকারের কংগ্রেস কর্মী ছিলেন না। আর আপনি এখন বিজেপিরও প্রকৃত সমর্থক নন। আপনার একমাত্র চালিকাশক্তি হল ক্ষমতার লোভ। আমি আপনাকে বাকি জীবনটুকু সম্মান নিয়ে নিরপেক্ষভাবে কাটাতে আবেদন জানাব”।
তাঁর এই পস্তেই তাঁকে কার্যত ধুয়ে দিলেন নেটিজেনরা। কেউ কমেন্ট করলেন, “স্যার, কত পেগ হল”? আবার কেউ কমেন্টে লিখলেন, “মাতাল একটা”। এক নেটিজেন আবার লিখেছেন, “কল্যাণ অন্যকে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে জ্ঞান দিচ্ছেন”।
আরও পড়ুনঃ শিষ্যা থেকে সাধনসঙ্গিনী! তরুণীকে লাগাতার ধর্ষণ, আত্মহত্যার প্ররোচনা ‘গুরুজি’র, গ্রেফতার ইউটিউবের জনপ্রিয় ধর্মীয় ‘কথাবাচক’
কল্যাণের এহেন আচরণ নিয়ে ক্ষোভ জারি করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “একজন সাংসদের আচরণ কোনওভাবেই কাম্য নয়। তবে উনি এমন আচরণ করেন, যাঁরা রকে বা চায়ের দোকানে আড্ডা মারে তাঁরাও এমন করে না। চূড়ান্ত গালাগালি দিয়ে থাকেন। আমি জানি না কী অবস্থায় উনি মিটিংয়ে আসেন। তবে এই আচরণ নিয়ে স্পিকারকে জানানোর কথা ভাবা হচ্ছে। আমিও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা ব্যাপারটা জানানোর চেষ্টা করব”।






