বাংলায় পা অমিত শাহ্‌’র, রয়েছে দিনভরের ঠাসা কর্মসূচি, আর জি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে কখন দেখা? বড় খবর দিলেন দিলীপ ঘোষ!

আসার কথা গত বুধবার থাকলেও তা বাতিল হয়ে গিয়েছিল। কিন্তু কর্মসূচি বাতিল হয়নি। অবশেষে বাংলায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এবারের বঙ্গ সফরে তিনি আর জি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করতে পারেন বলে জল্পনা রয়েছে। এই বিষয়ে এবার বড় খবর দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

গতকাল, শনিবার রাত সাড়ে ১১টায় কলকাতায় আসেন অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দিলীপ ঘোষ। আজ, রবিবার ঠাসা কর্মসূচি রয়েছে শাহ্‌’র। এর মধ্যে কী তিলোত্তমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি, তা নিয়ে সকলের মনেই প্রশ্ন রয়েছে।   

গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন আর জি করের নির্যাতিতার মা-বাবা। নিজেদের যন্ত্রণা ও অসহায়তার কথা জানিয়ে চিঠি লিখেছিলেন তারা। দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন অমিত শাহ্‌’র সঙ্গে। ফলে মনে করা হচ্ছিল, অমিত শাহ বাংলায় এলে তাদের সঙ্গে হয়ত দেখা করবেন।

নির্যাতিতার মা-বাবার অমিত শাহ্‌’কে চিঠি দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন, “কিন্তু ওনাদের আবেদন থেকেই বোঝা যাচ্ছে এখনকার রাজ্য সরকারের উপর থেকে মানুষের ভরসা চলে গিয়েছে। সে কারণেই তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছেন, কেন্দ্র সরকারের কাছে আবেদন করছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন। তারমানে এখানের রাজ্য সরকারের উপর আর কোনও ভরসাই নেই। পুলিশ-প্রশাসনের উপর ভরসা উঠে গিয়েছে। এটা চিন্তার বিষয়”।

এদিন আবার নানান কর্মসূচি রয়েছে অমিত শাহ্‌’র। কল্যাণী থেকে তিনি কলকাতার সল্টলেকে আসবেন কর্মসূচির মধ্যে। যদিও এর মধ্যে আরামবাগের কর্মসূচি বাতিল হয়েছে। ফলে নির্যাতিতার মা-বাবার সঙ্গে তাঁর দেখা হবে কী না, তা নিয়ে দোলাচলে সিদ্ধান্ত।  

এই নিয়ে অবশ্য দিলীপ ঘোষ বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। আমি ঠিক জানি না দেখা করবেন কিনা। আবেদন করেছেন ওনারা। এবার দেখা করার বিষয়টা এখনকার নেতৃত্ব ঠিক করবেন। দলের তরফে বিষয়টি দেখা হচ্ছে কীভাবে কী করা যায়”।

আরও পড়ুনঃ ‘নির্যাতিতার বিচারের নামে ৪.৭৫ কোটি টাকা তুলেছেন অনিকেতরা, মূল লক্ষ্য থেকে সরে আন্দোলনকে বেলাইন করছে ওরা’, অভিযোগ জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠনের

তিলোত্তমার মা-বাবার সঙ্গে অমিত শাহ্‌’র সাক্ষাৎ নিয়ে কোনও পাকা খবর এখনও পর্যন্ত নেই। আগে জানা গিয়েছিল, নিরাপত্তার কারণে হয়ত নির্যাতিতার মা-বাবার সঙ্গে তাদের সোদপুরের বাড়িতে দেখা না করে কলকাতায় কোথাও দেখা করতে পারেন শাহ। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত তিলোত্তমার মা-বাভার কাছে এই বিষয়ে কোনও চিঠি আসেনি। শেষ পর্যন্ত অসহায় মা-বাবার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেন কী না, এখন সেটাই দেখার!

RELATED Articles