আজ কালীপুজো। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা শহর-সহ রাজ্য। তবে আর জি করের নির্যাতিতার ন্যায় বিচার এখনও হয়নি। সেই কারণে এবার সহকর্মীর জন্য ন্যায় বিচারের দাবী নিয়ে সোশ্যাল মিডিয়ায় সকলকে এক আবেদন করলেন জুনিয়র চিকিৎসকরা।
আজ, বৃহস্পতিবার কালীপুজোর দিন ফেসবুকে তরুণী চিকিৎসকদের ন্যায় বিচারের দাবীতে নানান কথা তুলে ধরলেন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ। সকলের কাছে তাঁর আবেদন কেউ যেন এই আলোর উৎসবে তিলোত্তমাকে ভুলে না যান। সোশ্যাল মিডিয়া পোস্টে কিঞ্জল লিখেছেন, “ন্যায় বিচারের জন্য আমাদের লড়াই চালিয়ে যাওয়া এবং এর সীমাহীন অগ্রগতি নিশ্চিত করার জন্য আমরা কিছু কর্মসূচি নিয়েছি”।
কিঞ্জলের শেয়ার করা পোস্টারে লেখা, এক, জাস্টিস থিমের রঙ্গোলি, দুই, প্রদীপ জ্বালানো তিন, দু’মিনিটের নীরবতা এবং চার, অভয়া ফানুস। এই বিষয়গুলির ব্যাখ্যাও করা হয়েছে ফেসবুক পোস্টে। যাতে মানুষ তাতে যুক্ত হন। আর নির্যাতিতার স্মরণে এই কাজগুলি করেন।
জুনিয়র চিকিৎসকদের দাবী, অন্যান্য দাবী মিটে গেলেও ন্যায়বিচার এখনও মেলেনি। আর এই ন্যায়বিচারের বিষয়টি দু’পক্ষের হাতে রয়েছে। এক, সিবিআই। দুই, সুপ্রিম কোর্ট। এখানে রাজ্য সরকারের কোনও বিষয় নেই। রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের মেনে নেওয়া দাবী অনুযায়ী কাজ করে চলেছে।
আরও পড়ুনঃ অতিরিক্ত ভিড়ের জেরেই সিদ্ধান্ত! নৈহাটি স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকবে না কোনও ট্রেন, বড় পদক্ষেপ রেলের, কীভাবে হবে বড়মার দর্শন?
গতকাল, বুধবার ন্যায় বিচারের দাবীতে মশাল জ্বালিয়ে সিবিআই দফতর অভিযান করেন জুনিয়র চিকিৎসকরা। আর আজ সোশ্যাল মিডিয়া পোস্টে কিঞ্জল নন্দ লিখলেন, “ন্যায়বিচারের অগ্রগতির জন্য জাস্টিস থিমের রঙ্গোলি তৈরি করুন। যেখানে সৃজনশীলতা এবং বিপ্লবী মন তৈরি হয়। এই অন্ধকার সময়ে আমাদের একত্রিত করতে একটি প্রদীপ জ্বালিয়ে দিন। সময় রাত ৯টা থেকে ৯টা ১৫ মিনিট। সমস্ত প্রতিবাদী হৃদয় ও মনকে একত্রিত করতে ২ মিনিটের নীরবতা অনুসরণ করুন। আমাদের ন্যায়বিচারের জন্য চলমান লড়াইয়ের প্রতীক হিসাবে তার কাছে পৌঁছনোর জন্য অভয়া ফানুস”।






