আবাস যোজনায় সমীক্ষা নিয়ে নানান জেল থেকেই উঠে আসছে একের পর এক অশান্তির খবর। আবাস প্লাসের তালিকা নয়ে এবার এলাকায় বাঁধল ধুন্ধুমার কাণ্ড। তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। এলাকায় শুরু হয় হাতাহাতি-মারামারি।
ঘটনাটি ঘটেছে রায়দিঘির কুমড়ো পাড়ার পুরকাইত ঘেরিতে। জানা গিয়েছে, গতকাল, শুক্রবার রাতে ওই এলাকার নির্দল পঞ্চায়েত সদস্যা এলাকার আবাস প্লাস যোজনার ঘর প্রাপকদের নামের তালিকা প্রকাশ করেন। সেই তালিকাকে কেন্দ্র করে শুরু বিতর্ক।
তালিকা প্রকাশ হতে দেখা যায়, সেই তালিকায় নাম রয়েছে এমন সব তৃণমূল কর্মী-সমর্থকদের যাদের আগে থেকেই পাকাবাড়ি রয়েছে। আজ, শনিবার সকালে কেন পাকাবাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম, তা নিয়ে শুরু হয় বচসা। ওই তালিকা খুলে ফেলার জন্য শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। তীব্র বচসার পর হাতাহাতি শুরু হয় নির্দল ও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে।
ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘি থানার পুলিশ। এই ঘটনায় নির্দল পঞ্চায়েত সদস্যার এক সমর্থককে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা বলেন, “বিরোধীপক্ষ এলাকায় ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে চাইছে”।
তৃণমূলের পাল্টা নির্দল কর্মীদের দাবী, “শাসকদলের কর্মী-সমর্থকরা প্রভাব খাটিয়ে আবাস যোজনার তালিকায় নামের সংযোজন করাচ্ছে। প্রতিবাদ করলেই অশান্তি বাঁধছে। মারধর করা হচ্ছে”। গোটা ঘটনায় এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়েছে।






