পাঁচ কন্যা সন্তান রয়েছে। ষষ্ঠবারও ফের সেই মেয়েই জন্মেছে। তা মেনে নিতে পারলেন না খোদ মা-ই। ফলে সদ্যোজাতকে নিজের হাতে মাটিতে পুঁতে দিলেন মা। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।
এমন ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার চাঁদপুর ধোপাহাট এলাকায়। জানা গিয়েছে, গত শুক্রবার বেশ রাতের দিকে সেই এলাকার এক অন্তঃসত্ত্বা মহিলা এক কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু কন্যা সন্তান মেনে নিতে পারেন নি ওই মহিলা, এমনটাই অভিযোগ। সেই কারণে সদ্যোজাত সন্তানকে মাটিতে পুঁতে দেন তিনি।
এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মন্দিরবাজার থানার পুলিশ। সেখানে গিয়ে পুলিশ সদ্যোজাত শিশুকে উদ্ধার করে। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া নাইয়ারহাট হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি, চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে।
জানা গিয়েছে, ওই মহিলার পাঁচ কন্যা সন্তান রয়েছে। ফলে ষষ্ঠবার কন্যা সন্তানের জন্ম মেনে নিতে পারেন নি তিনি। সেই কারণে নিজের সদ্যোজাত শিশুকে পুঁতে ফেলার পরিকল্পনা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে জ্ঞান হারান ওই মহিলা। তাঁকেও নাইয়ারহাট হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন মহিলা।
আরও পড়ুনঃ পাকাবাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম, ‘৬ বছর আগে তো মাটির বাড়িই ছিল’, ধরা পড়তেই সাফাই তৃণমূল পঞ্চায়েত প্রধানের
তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ। সত্যিই কী ফের কন্যাসন্তান জন্মেছে বলেই এমন সিদ্ধান্ত নিলেন ওই মহিলা, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? তা খতিয়ে দেখছে পুলিশ। কথা বলা হচ্ছে এলাকাবাসীদের সঙ্গে। তবে ওই মহিলার পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। মহিলা মানসিকভাবে বিপর্যস্ত কী না, তাও জানার চেষ্টা চলছে।






