করোনা সংক্রামিতদের ৩০ শতাংশের যোগসূত্র নিজামুদ্দিন ধর্মীয় সমাবেশে, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

এবার করোনা সংক্রমনের পরিসংখ্যান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাদের বক্তব্য দেশে মোট যতজন করোনা আক্রান্ত হয়েছেন তার ৩০ শতাংশই কোনো না কোনোভাবে তবলিঘি জামাতের সঙ্গে যুক্ত।

বিভিন্ন দেশে যখন করোনা আক্রমণ শুরু হয় তখন ভারতে জমায়েতের ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু তা সত্ত্বেও মার্চ মাসে বেশ অনেকগুলি ধর্মীয় জনসমাবেশ ঘটেছিল। যার মধ্যে অন্যতম দিল্লির নিজামউদ্দিন মারকাজে হওয়া তবলিঘি জামাত সম্মেলন। মার্চের শুরুর দিকে অনুষ্ঠিত এই সমাবেশকেই দেশে করোনা সংক্রমনের মূল কেন্দ্র হিসেবে ধরছে সরকার। দেশে মোট করোনা আক্রান্তদের প্রায় এক-তৃতীয়াংশের সঙ্গে নাকি এই তবলিঘি জামাতের যোগ রয়েছে বলে দাবি সরকারের! এই সম্মেলনে প্রায় দেশি এবং বিদেশিদের মিলিয়ে হাজারের ওপর ছিল লোকসংখ্যা। আর এই ভিড়ের মধ্যেই উপস্হিত ছিল করোনা সংক্রামিত মানুষও। এরপর যাঁরা এই সম্মেলনে উপস্থিত হয়েছিল– সেই সদস্যবর্গ, তাদের পরিবারের সদস্য এবং সদস্যদের সংস্পর্শে যারা এসেছিল– একের পর এক সবার টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। এর ফলে, দেশে হু-হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রকের সচিব লব অগ্রবাল বলেন, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৪ হাজার ৩৭৮ (শনিবারের প্রকাশিত কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী)। এর মধ্যে, ৪,২৯১ জন বা ৩০ শতাংশের সঙ্গে দিল্লির নিজামুদ্দিনের তবলিঘি জামাতের যোগ রয়েছে। দিল্লিতে, মোট আক্রান্ত ১,৭০৭। এর মধ্যে ৬৩ শতাংশের সঙ্গে তবলিঘির যোগ রয়েছে।

লব অগ্রবাল বলেন, যে ৪,২৯১ জনের সঙ্গে নিজামউদ্দিনের যোগাযোগ, তারা দেশের ২৩টি রাজ্য ও কেন্দ্র-শাসিত অঞ্চলের বাসিন্দা। যেমন, তামিলনাড়ুর ৮৪ শতাংশ, দিল্লির ৬৩ শতাংশ, তেলঙ্গানার ৭৯ শতাংশ, উত্তরপ্রদেশের ৫৯ শতাংশ এবং অন্ধ্রপ্রদেশের ৬১ শতাংশের সঙ্গেও নিজামউদ্দিন মারকাজের যোগ রয়েছে।

শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, নিজামুদ্দিনের অনুষ্ঠানে অংশ নেওয়া প্রায় ৪০ হাজার মানুষকে ইতিমধ্যেই কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। দেশে মোট আক্রান্তদের মধ্যে ১,৯৯১ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গিয়েছেন ৪৮০ জন। সচিব জানান, কোভিড-১৯ সংক্রমণের মৃত্যর হার ৩.৩ শতাংশ। অগ্রবাল জানান, যদি লকডাউন ও সামাজিক দূরত্ব সঠিকভাবে পালন না হয়, তাহলে গোটা দেশে এর প্রভাব পড়বে। গত ২৪-ঘণ্টায় দেশে নতুন করে ৯৯১ জন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। যার মধ্যে মারা গিয়েছেন ৪৩ জন।

RELATED Articles

Leave a Comment