বেহালার পর ফের রাস্তায় গতির জেরে মৃত্যু ছোট্ট খুদে পড়ুয়ার। দুই বাসের রেষারেষির জেরে প্রাণ গেল স্কুল পড়ুয়ার। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় খুদেকে। এই ঘটনায় তুমুল বিক্ষোভ ক্ষিপ্ত জনতার।
ঘটনাটি ঘটে আজ, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ উল্টোডাঙা-সল্টলেকের প্রবেশের ২ নম্বর গেটের কাছে। জানা গিয়েছে, সল্টলেক সিএ ব্লকের এক বেসরকারি স্কুল থেকে ছুটির পর দুই ভাইকে নিয়ে স্কুটিতে ফিরছিলেন মা। সেই সময় সল্টলেকের ২ নম্বর গেটের কাছে ২১৫এ নম্বর রুটের দুটি বাসের মধ্যে রেষারেষির চলছিল। সেই রেষারেষির কবলে পড়ে স্কুটিটি।
রেষারেষি করা দুই বাসের মধ্যে একটি বাস স্কুটিতে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। এর জেরে দুই পড়ুয়া-সহ তাদের মা আছড়ে পড়েন রাস্তায়। পিচ রাস্তায় গুরুতর জখম হন তারা। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক খুদে পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মা ও অপর পড়ুয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে ক্ষিপ্ত জনতা। উল্টোডাঙার হাডকো মোড়ে জমায়েত করে প্রতিবাদ দেখান তারা। পুলিশি নজরদারির গাফিলতির জন্যই এমন ঘটনা ঘটেছে বলে দাবী তাদের। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে সিভিক ভলান্টিয়াররাও কোনও কাজ করে না বলে অভিযোগ এলাকাবাসীদের।
আরও পড়ুনঃ টানা ৪ দিন হাওড়া শাখায় বাতিল শ’য়ে শ’য়ে ট্রেন, ভোগান্তি চরমে উঠবে নিত্যযাত্রীদের, জেনে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে?
এক প্রত্যক্ষদর্শী এই দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, “বাস যখন ধাক্কা মেরেছে সেই সময় তখন কোনও পুলিশ ওদের উদ্ধারে আসেনি। পুলিশের কর্তব্য কী ছিল? একটা অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত হাসপাতালে ভর্তি করা। তা না করে বাসের পিছনে দৌড়চ্ছে”।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার