যেমনটা পূর্বাভাস ছিল, তেমনটাই হচ্ছে। আর কিছুদিনের অপেক্ষা মাত্র। এরপরই দ্রুত বেগে কমবে রাজ্যের তাপমাত্রা। বঙ্গবাসীর ঠাণ্ডায় জবুথবু হওয়ার দিন খুবই আসন্ন। শীঘ্রই জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে।
ভোরের দিকে বা রাতের দিকে এখনই হালকা শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। বেশ হালকা শুষ্ক আবহাওয়াও অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিনে এই অনুভূতি আরও বেশি প্রবল হবে। শীতের আমেজ ভরপুর গায়ে মাখবে বঙ্গবাসী। উত্তুরে হাওয়া বাংলায় প্রবেশের অনুকূল পরিবেশ প্রায় তৈরি বলেই খবর। শুক্রবারের পর থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শীত শীত ভাব চলে আসবে বলে খবর।
অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আবার জলীয় বাষ্প থাকার ফলে ধোঁয়াশা তৈরি হবে। সকালের দিকে মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশা দেখা যাবে। ঘন কুয়াশার কারণে আগামী দু’দিন সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় আবার রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির আভাসও দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। আবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর তামিলনাড়ু উপকূলে যে নিম্নচাপ ছিল তা ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। যদিও এই ঘূর্ণাবর্তের জেরে বাংলায় কোনও প্রভাব পড়বে না।
কলকাতায় আকাশ এখন মূলত পরিষ্কারই থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা দিতে পারে। কলকাতায় আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি বা এর নিচেই থাকবে। আজ, বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবারের শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।





