সাত সকালে শহরে এক আতঙ্ক। কলকাতার রাস্তা থেকে উদ্ধার মৃতদেহ। এমন ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়াল এলাকায়। মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি। মৃত্যুর কারণ ঘিরেও ধোঁয়াশা। খুন নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চালাচ্ছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কলকাতার ময়দানের ডাফরিন রোডে পরিবহণ দফতরের ময়দান টেন্টের ফুটপাতের কাছে। জানা গিয়েছে, আজ, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ ওই ফুটপাতের কাছে উদ্ধার হয় দেহটি। ডাফরিন রোডের কাছে কয়েকজন ক্রিকেট খেলছিলেন। তারাই প্রথমে দেহটি দেখতে পান।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ময়দান থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে কী কারণে মৃত্যু তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় তদন্ত শুরু করেছে ময়দান থানার পুলিশ। তাদের ধারণা দেহটি ৫০ বছর বয়সী কোনও ব্যক্তির। ব্যক্তি ফুটপাতবাসী, ভবঘুরে বলে অনুমান প্রত্যক্ষদর্শীদের। কিন্তু কীভাবে তাঁর এমন পরিণতি হল,। তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। ব্যস্ত জায়গায় এমন দেহ উদ্ধারের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বলে রাখি, গত মে মাসে কলকাতার ব্রিগেড গ্রাউন্ড থেকেই উদ্ধার হয়েছিল এক মহিলার অর্ধদগ্ধ দেহ। পুলিশ সূত্রে খবর, দিন দুয়েক আগেই মৃত্যু হয়েছিল মহিলার। দেহের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছিল। পচন ধরতে শুরু করেছিল মৃতদেহে। হয়ত কেউ বা কারা লাশ ফেলে গিয়েছিল ময়দানে। আর এবার ফের সেই ময়দানের কাছেই উদ্ধার আরও এক ব্যক্তি দেহ।






