‘পরিস্থিতি ভয়ঙ্কর, কার কখন গুলি লেগে যাবে কেউ জানে না…’, কসবায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলিকাণ্ডে সাবধানবাণী দিলীপের

সম্প্রতি রাজ্যে যেন শুটআউটের ঘটনা বেড়ে গিয়েছে। শেষ কিছুদিনেই একাধিক গুলিগালার ঘটনা সামনে এসেছে। গতকাল, শুক্রবারও ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে হামলা করে দুষ্কৃতীরা। তিনি যখন চায়ের দোকানে বসেছিলেন, সেই সময় বাইকে করে এসে একেবারে সামনে থেকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় এক নাবালক। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন তৃণমূল নেতা। এই ঘটনা নিয়ে এবার সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।  

কসবার এই গুলিকাণ্ড নিয়ে রাজ্যজুড়ে হইচই পড়েছে। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবী এলাকাবাসীর। এই প্রসঙ্গেই এবার তৃণমূল ও পুলিশকে একইসঙ্গে বিঁধলেন দিলীপ ঘোষ। বললেন, “পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। সবাইকে বলব সাবধানে থাকুন। কার কখন গুলি লেগে যাবে কেউ জানে না”।

বিজেপি নেতার অভিযোগ, “সমাজ বিরোধীরা সব তৃণমূলে মিশে গেছে। তাদের অনেকে এখন জন প্রতিনিধি। আর পুলিশের কাজ একটাই গরুর গাড়ি, বালির গাড়ি থেকে টাকা তুলে পার্টিকে দেওয়া। ফলে অপরাধীরা যা খুশি করে বেড়াচ্ছে”।

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন প্রাক্তন বিজেপি সাংসদ। তাঁর কথায়, “এখন ভাগ বাটোয়ারা আর ব্যাপক দুর্নীতি নিয়েই তৃণমূলের গোলমাল। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে কসবা কাণ্ডেও সেটাই প্রমাণিত হবে”।

আরও পড়ুনঃ সত্যিই কী রাশিয়ান বিষ ঢুকেছে শরীরে, নিশ্চিত হতে সাতসকালে হাসপাতালে ছুটলেন বিজেপি নেতা অর্জুন সিং 

প্রসঙ্গত, এই গুলিকাণ্ডে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, তৃণমূল কাউন্সিলরকে এভাবে গুলি করে খুনের চেষ্টার নেপথ্যে স্থানীয় যোগ রয়েছে। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষেরও এমনটাই মত। তাঁর কথায়, “আমরাও মনে হচ্ছে, পুরো ঘটনাটা হয়েছে রেকি করে। আমি যে সন্ধেয় একা রয়েছি, এলাকা থেকে নিশ্চয়ই এখবর গিয়েছিল। তারপরই ওরা এসেছিল”। এই ঘটনায় আরও কী কী তথ্য সামনে আসে, এবার সেটাই দেখার!

RELATED Articles