তৃণমূলের মঞ্চে ফের দেখা মিলল উর্দি পরা পুলিশ আধিকারিকের, তৃণমূল নেতার সঙ্গে বসে হাততালি, ভিডিও ফাঁস হতেই তুমুল বিতর্ক

বিরোধীরা বারবার একটাই অভিযোগ করে এসেছে যে পুলিশ নাকি শাসকদলের দলদাসে পরিণত হয়েছে। শাসক দলের নির্দেশেই কাহজ করে থাকে পুলিশ। এবার ধীরে ধীরে সেই অভিযোগই সত্যি হচ্ছে। এর আগেও তৃণমূলের মঞ্চে দেখা মিলেছিল পুলিশ আধিকারিকের। আর এবারও ফের উর্দিধারী পুলিশের দেখা মিলল তৃণমূলের এক অনুষ্ঠান মঞ্চে।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বুদবুদে। সেখানেই গত রবিবার ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠান মঞ্চে দেখা মিলল আউশগ্রাম থানার সেকেন্ড অফিসার হেমন্ত দত্তের। সেই একই মঞ্চে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি লালন শেখ। সেই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় তৃণমূল নেতাকে। সেই সময় আবার হাততালি দিতেও দেখা যায় পুলিশ আধিকারিককে। উর্দি পরেই এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওই পুলিশ আধিকারিক।

এই ঘটনার ভিডিও পোস্ট করে তৃণমূল ও পুলিশকে একহাত নিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪৭)। এই ভিডিও পোস্ট করে বিজেপি সাংসদ লেখেন, “অধঃপতনের নতুন নজির তৈরি করল পশ্চিমবঙ্গ পুলিশ। এবার তৃণমূল কংগ্রেসের আউশগ্রাম ২ ব্লকের ফুটবল টুর্নামেন্টের মঞ্চে কুখ্যাত ব্লক সভাপতি লালন শেখকে সংবর্ধনা দেওয়ার সময় হাততালি দিতে দেখা গেল পুলিশ আধিকারিককে”।

পুলিশ আধিকারিক কীভাবে তৃণমূল নেতার সঙ্গে একই মঞ্চে থাকতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌমিত্র খাঁ। বিঁধেছেন শাসক দলকেও। তাঁর কথায়, “মানুষ কী করে এরকম একটা ব্যবস্থায় আস্থা রাখবে যেখানে সরকার আর শাসকদলের মধ্যে কোনও ফারাক নেই? পশ্চিমবঙ্গ পুলিশকে দলের পদাতিক বাহিনীতে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস”।

আরও পড়ুনঃ আর জি কর আবহেই হাসপাতালে কর্মরত নার্সকে হেনস্থা, অভিযোগের আঙুল তৃণমূল কাউন্সিলরের দিকে 

যদিও এই বিষয়টিতে তেমন গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তবে এই ঘটনায় বেশ শোরগোল পড়েছে ওই এলাকায়। তৃণমূল ব্লক সভাপতি লালন শেখ এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হন নি। অন্যদিকে, পুলিশের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি এই ঘটনায়।

আরও অন্যান্য খবর