বেলডাঙায় ভাঙচুর হওয়া হিন্দু মন্দির বিজেপি বিধায়কদের বেতনের টাকায় সংস্কার করা হবে, আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। এবার সেই বেলডাঙায় আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানকার যে সমস্ত হিন্দু মন্দিরে ভাঙচুর চলেছে, সেই মন্দিরগুলি বিজেপি বিধায়কদের বেতনের টাকায় সংস্কার করা হবে বলেও কথা দেন তিনি।

প্রসঙ্গত, কার্তিক পুজোর আলোকসজ্জায় আপত্তিকর শব্দ লেখা হয়েছে বলে অভিযোগ তুলে হিন্দুদের উপর অত্যাচার চলছে সেখানে, এমনটাই অভিযোগ। হিন্দুদের ঘরবাড়ি, দোকান, মন্দির ভাঙচুর করা হয়। এই ঘটনায় প্রবল উত্তেজনা ওই এলাকায়। বন্ধ করা হয়েছে ইন্টারনেট। এমন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে প্রশাসনকে তোপ দেগেছে বিজেপি। এরই মধ্যে গতকাল, বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বেলডাঙায় যেতে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁকে। পুলিশ আটকও করে বিজেপি নেতাকে।

এমন আবহে গতকাল, বুধবার বিজেপির রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু ঘোষণা করেন, বেলডাঙায় ক্ষতিগ্রস্ত মন্দিরগুলি সংস্কারের দায়িত্ব নেবেন বিজেপি বিধায়করা। বেলডাঙার ঘটনায় তিনি বলেন, “বেলডাঙা হিংসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তিন ভাবে সাহায্য করবে। কলকাতা হাইকোর্ট ও মুর্শিদাবাদে আমাদের লিগ্যাল সেলের সদস্যরা এফআইআর করার জন্য আইনি সাহায্য করবে। ইতিমধ্যে রাজাবাজারের ঘটনা নিয়ে আমি রাজ্যপালকে চিঠি দিয়েছিলাম। পরে আমিই জনস্বার্থ মামলা করেছি। যা প্রধান বিচারপতি গ্রহণ করেছেন। মামলার শুনানিও হয়েছে। বেলডাঙার ঘটনা নিয়েও বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি ও আইনজীবী সংযুক্তা সামন্ত ৩টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মামলা গতকাল গৃহীত হয়েছে। তার শুনানি হয়েছে”।

শুভেন্দুর আশ্বাস, “যত দোকান ভাঙচুর হয়েছে সমীক্ষা করে আমরা সম্ভব হলে পার্টির পক্ষ থেকে বা সনাতনীদের কাছ থেকে সংগ্রহ করে তাদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণ দেব”।

আরও পড়ুনঃ বিনীত গোয়েলের বিরুদ্ধে রাজ্যই পদক্ষেপ করতে পারবে, আর জি কাণ্ড নিয়ে জানাল কেন্দ্র, বড় বিপদের মুখে প্রাক্তন পুলিশ কমিশনার! 

বেলডাঙার ভাঙচুর হওয়া হিন্দু মন্দিরগুলি সংস্কারের আশ্বাস দিয়ে বিজেপি বিধায়ক বলেন, “যে কটা স্থায়ী মন্দির ভাঙচুর হয়েছে সেটা মেরামত করার দায়িত্ব আমাদের ৬৭ জন বিধায়ক নিজেদের কাঁধে তুলে নিলাম। আমরা ভারত সেবাশ্রম সংঘের প্রদীপ্তানন্দজি মহারাজ রয়েছেন। আমরা তাঁকে অনুরোধ করব মন্দিরগুলোর ক্ষয়ক্ষতি সমীক্ষা করে দেখতে। তার পর ৬৭ জন বিজেপি বিধায়ক তাদের বেতন থেকে সমস্ত মন্দির সংস্কার করে তার মর্যাদার জায়গা ফেরানোর ব্যবস্থা নেব”।

আরও অন্যান্য খবর