বাইকে বা স্কুটিতে নিয়ে ছেলেমেয়েকে ঘুরে তো বেড়ান মা-বাবারা, কিন্তু তাদের মাথার দিকে খেয়াল রাখেন না অনেকেই। জরিমানার ভয়ে নিজেরা হেলমেট পরলেও বাচ্চাদের হেলমেট পরান না অনেক মা-বাবাই। এবার তাদের কড়া হাতে বাগে আনতে চলেছে কলকাতা পুলিশ।
অনেকসময়ই দেখা গিয়েছে, বাচ্চাদের হেলমেট না পরানোর কারণে দুর্ঘটনার জেরে অনেক বাচ্চার মৃত্যু হয়েছে। এই নিয়ে কলকাতা পুলিশের তরফে বারবার সতর্ক করা হয়েছে আমজনতাকে কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। সেই কারণেই এবার থেকে যদি বাচ্চাদের মাথায় হেলমেট না পরানো হয়, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে মা-বাবার বিরুদ্ধে, এমনটাই জানাল লালবাজার।
কলকাতা পুলিশ সূত্রে খবর, যদি মা-বাবারা সন্তানকে হেলমেট না পরিয়ে বাইক বা স্কুটিতে চড়ান, তাহলে সেই মা-বাবাদের আর্থিক জরিমানা করা হবে। কিছুটা কড়াকড়ি শিথিল করা হবে বলেও খবর লালবাজার সূত্রে। যে সমস্ত অভিভাবকরা লাগাতার এই ঘটনা ঘটাতে থাকবেন, তাদের জরিমানা ধার্য করবে পুলিশ, এমনটাই খবর।
লালবাজারের তরফে জানানো হয়েছে, শহরের নানান স্কুলের গেটের সামনে এবার থেকে সিসিটিভি বসানো হবে। কারা বাচ্চাদের মাথায় হেলমেট ব্যবহার করছে না, তা সিসিটিভির মাধ্যমে দেখা হবে। যারা প্রতিনিয়ত এই নিয়ম ভাঙবেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অনেক মা-বাবাই অজুহাত দেন যে বাচ্চাদের জন্য নাকি হেলমেট পাওয়া যায় না। তা সর্বৈব মিথ্যে। পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই ধরণের ভিত্তিহীন যুক্তি আর কোনওভাবেই মেনে নেওয়া হব না। তবে শুধুমাত্র হেলমেট পরলেই যে হবে, তেমনটা নয়, সেই হেলমেটে আইএসআই মার্ক থাকতে হবে। সেই হেলমেটের ওজন হতে হবে ৭০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রামের মধ্যে।





