গত সপ্তাহে শীতের পথে কাঁটা হয়েছিল ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় সরাসরি না পড়লেও বৃষ্টির জেরে তাপমাত্রা খানিক বেড়েছিল বঙ্গে। এর জেরে শীতও বাধাপ্রাপ্ত হয়। তবে এবার ঘূর্ণিঝড়ের কাঁটা কেটেছে। ধীরে ধীরে বঙ্গে ফের নামতে শুরু করেছে তাপমাত্রা।
চলতি সপ্তাহেই বঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে তাপমাত্রার হেরফের খুব একটা হবে না। আগামী তিনদিনে দক্ষিণবঙ্গে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই কুয়াশার দাপট বাড়বে এই সপ্তাহে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভোরের দিকে জাঁকিয়ে ঠাণ্ডা অনুভূত হবে। আজ, বুধবার সকালেও কলকাতায় কুয়াশা ছিল। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কেটেছে সেই কুয়াশা। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে বলে জানাল হাওয়া অফিস।
তবে উত্তরবঙ্গের জন্য আবহাওয়ার খুব একটা পরিবর্তনের ইঙ্গিত দেয় নি আবহাওয়া দফতর। আগামী পাঁচদিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কোনও কোনও জেলায় এক-দু ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
গতকাল, মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৮-৮৫ শতাংশ।






