ব্রিটেনে আগামী ২৩শে এপ্রিল থেকে শুরু মানব শরীরে করোনার প্রতিষেধক পরীক্ষার কাজ

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৩শে এপ্রিল থেকে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি করোনা ভাইরাসের একটি প্রতিষেধক মানব শরীরে পরীক্ষা করা শুরু হবে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক্ মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বে করোনার প্রথম টিকা বা প্রতিষেধক তৈরিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তিনি। টিকাটি তৈরিতে গবেষণা দলকে অতিরিক্ত ২ কোটি পাউন্ড দেয়ার ঘোষণা করেছে বরিস জনসন-এর সরকার। খবরে বলা হয়, সিএইচএডিওএক্স১ এনসিওভি-১৯ নামের ওই টিকাটি মানবদেহে পরীক্ষা শুরু করা হবে ইউনিভার্সিটি হসপিটাল সাউথাম্পটনে।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছেন ২৫ লাখের বেশি মানুষ। এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনও স্বীকৃত ওষুধ বা প্রতিষেধক তৈরি হয়নি। বিশ্বজুড়ে অসংখ্য গবেষক ও বিজ্ঞানীরা এই ভাইরাসের টিকা তৈরির চেষ্টা চালাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা খবর অনুসারে, ৭০টিরও বেশি টিকা নিয়ে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা কাজ করছেন। এর মধ্যে টিকা তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ‘মানব দেহে পরীক্ষা’ শুরু করেছে যুক্তরাষ্ট্রের দুটি ও চীনের একটি প্রতিষ্ঠান। নতুন করে সে তালিকায় নাম যুক্ত হতে যাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি দলের।

অক্সফোর্ডে দলটি শিম্পাঞ্জির দেহ থেকে অ্যান্টিবডি নিয়ে টিকা তৈরির চেষ্টা করছে। এজন্য শিম্পাঞ্জির দেহে প্রথমে ভাইরাসটি প্রবেশ করানো হয়। ভাইরাস থেকে বাঁচতে প্রাণীটির দেহে একধরনের অ্যান্টিবডি সৃষ্টি হয়। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ ও জেনার ইন্সটিটিউট যৌথভাবে এই টিকা তৈরির কাজ করছে। তাদের প্রত্যাশা আগামী সেপ্টেম্বরের মধ্যেই তাঁরা প্রতিষেধকটি মানুষের মধ্যে ব্যবহার উপযোগী করে তুলতে পারবেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছরের আগে কোন‌ও টিকা বাণিজ্যিকভাবে উৎপাদনের সম্ভাবনা নেই।

আরও অন্যান্য খবর