নয়ডার রেসিডেনশিয়াল প্লট ডিপার্টমেন্টে এক প্রবীণ নাগরিকের প্রতি কর্মীদের আচরণ দেখে ক্ষুব্ধ হয়ে কড়া ব্যবস্থা নিলেন ডঃ লোকেশ এম। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক বয়স্ক ব্যক্তি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন। কোনও কাজের জন্য অপেক্ষা করলেও কাউন্টারের কর্মীরা তার সমস্যার সমাধানে তৎপর হননি। সিইও এই ঘটনা দেখেই সঙ্গে সঙ্গে নির্দেশ দেন ওই প্রবীণ ব্যক্তির সমস্যার সমাধান করতে।
কিন্তু মিনিট কুড়ি পর সিসিটিভিতে ফের নজর দেন ডঃ লোকেশ। তিনি দেখেন, প্রবীণ ব্যক্তিটি তখনও দাঁড়িয়ে রয়েছেন এবং তার সমস্যার কোনও সমাধান হয়নি। এই দৃশ্য দেখে তিনি রেগে গিয়ে নিজেই পদক্ষেপ করেন। নিজের অফিস থেকে বেরিয়ে তিনি কর্মীদের ডেকে পাঠান এবং নির্দেশ দেন, সকলে ২০ মিনিট দাঁড়িয়ে কাজ করবেন।
ডঃ লোকেশের এই পদক্ষেপ মূলত কর্মীদের শেখানোর জন্য যে প্রবীণ নাগরিকদের প্রতি সহমর্মিতা দেখানো উচিত। তিনি বলেন, প্রবীণ নাগরিকদের আগে পরিষেবা দেওয়া কর্তব্য। এর আগে অফিসের কর্মীদের এই বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হলেও তারা গুরুত্ব দেননি। সিইও নিজে প্রতিদিন সিসিটিভি ফুটেজ দেখে অফিসের কাজের পরিস্থিতি যাচাই করেন।
ডঃ লোকেশ একজন ২০০৫ সালের আইএএস অফিসার, যিনি গত বছরই নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব নিয়েছেন। তারই নির্দেশে অফিসে ৬৫টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়। তিনি প্রায়ই ফুটেজ পর্যবেক্ষণ করে দেখেন, সব কাজ ঠিকমতো হচ্ছে কিনা। এই ব্যবস্থার মাধ্যমে কর্মীদের দায়িত্বশীলতা বাড়াতে চান তিনি।
আরও পড়ুন: শীতের আমেজে ধাক্কা, নিম্নচাপের প্রভাবে দু’দিন ধরে বৃষ্টি, বাড়ছে তাপমাত্রার পারদ!
সোমবারের এই ঘটনা কর্মীদের জন্য একটি বড় শিক্ষা হয়ে রইল। প্রবীণ নাগরিকদের সম্মান জানানো এবং দ্রুত তাদের সমস্যার সমাধান করা কর্মীদের দায়িত্ব, এটাই ডঃ লোকেশ তাদের বোঝাতে চেয়েছেন। তাঁর মতে, কোনও নাগরিককে এমন অপমানজনক পরিস্থিতির মধ্যে ফেলা উচিত নয়। কর্মীদের এই শাস্তি সবার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করল।





