ব্যস্ত শহর কলকাতার (kolkata)বুকে দিন দিন বেড়ে চলেছে অপরাধের মাত্রা। কখনও ব্যক্তিগত সম্পর্কের জের, কখনও বা তুচ্ছ মনোমালিন্য। এই শহরের বুকে যেন পাল্লা দিয়ে বাড়ছে হিংসার ঘটনা। জনবহুল এলাকা থেকে ফাঁকা রাস্তায়, প্রায় প্রতিদিনই ঘটছে চাঞ্চল্যকর ঘটনা। এই পরিস্থিতিতে শহরবাসীর মধ্যে বাড়ছে নিরাপত্তা নিয়ে আশঙ্কা। সম্প্রতি এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ইএম বাইপাস লাগোয়া মেট্রোপলিটান (metropolitan)এলাকা।
বৃহস্পতিবার রাতের ঘটনায় শহরের মেট্রোপলিটান অঞ্চলে আতঙ্কের ছায়া। জনবহুল এলাকায় প্রকাশ্য রাজপথে এক তরুণ ধারালো অস্ত্র নিয়ে এক মহিলার উপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তরুণীকে একের পর এক আঘাত করতে থাকে হামলাকারী। রাস্তার ওপর রক্তে ভেসে যায়। গুরুতর আহত অবস্থায় তরুণীকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এনআরএস(NRS)হাসপাতালে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও রাত দুটো নাগাদ তাঁর মৃত্যু হয়। নিহত তরুণীর নাম রোফিয়া শাকিল, বয়স ২৪।
পুলিশ সূত্রে খবর, এই মর্মান্তিক ঘটনার মূল কারণ ব্যক্তিগত সম্পর্কের জটিলতা। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নাবালক অভিযুক্তের বাবার সঙ্গে নিহত তরুণীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরেই বাইপাস ধাবার কাছে তরুণীকে হত্যার পরিকল্পনা করে ওই নাবালক। বাবার তরফ থেকে এই সম্পর্কের বিষয়ে জানতে পেরে রাগের বশে ঘটনাস্থলে হাজির হয় সে। অভিযুক্তের সঙ্গে ছিলেন আরও একজন মহিলা।
ধাওয়া করে তরুণীকে হত্যা, আটক অভিযুক্ত ধাবার কাছে তরুণীর সঙ্গে দেখা হওয়ার খবর পেয়ে মেট্রোপলিটান অঞ্চলে হাজির হয় অভিযুক্ত নাবালক। তরুণীকে রাস্তার ওপর ধাওয়া করে একাধিক আঘাত করে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে হামলাকারীকে ধরে ফেলে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় হামলাকারী ছাড়াও তার পরিবারের এক সদস্যকে আটক করা হয়েছে। মূল অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত জারি রয়েছে।
আরও পড়ুনঃ দিনের আলোয় মেট্রোপলিটন বাইপাসে ছুরি দিয়ে তরুণীর উপর হামলা! উত্তেজনা ছড়াল শহরে
ব্যস্ত রাস্তায় এমন ঘটনার পর কলকাতার নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙুল উঠেছে। রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই ঘটনার আরও দিক স্পষ্ট হবে। তবে শহরের বুকে দিনের পর দিন এমন হিংসার ঘটনা যে বাড়ছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন নাগরিক সমাজ।





