বর্তমান সময়ে জাল নথিপত্র তৈরি করে সুবিধা লাভ করার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কখনো চাকরি, কখনো শিক্ষাক্ষেত্র, আবার কখনো রাজনৈতিক অঙ্গন—জালিয়াতির এই প্রবণতা চাঞ্চল্য সৃষ্টি করেছে সর্বত্র। সাধারণ মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থার নির্ভুলতা নিয়েও প্রশ্ন উঠছে। এর মাঝেই নতুন করে সামনে এসেছে একটি বিতর্ক, যা রাজনৈতিক মঞ্চে আলোড়ন তুলেছে।
মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের বিরুদ্ধে জাল ওবিসি শংসাপত্র ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, ভুয়ো শংসাপত্র ব্যবহার করে তিনি নির্বাচনে জয়লাভ করেছেন এবং পরে দলবদল করে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত প্রধান হন। তার বিরুদ্ধে মামলা করেন তৃণমূল প্রার্থী রেহেনা সুলতানা সহ কয়েকজন, যারা অভিযোগ করেন লাভলি ভুয়ো নথির মাধ্যমে নিজের পদ সুরক্ষিত করেছেন।
এই মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চে হয়। আদালতের নির্দেশে মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় তদন্ত করেন এবং লাভলি খাতুনের শংসাপত্র জাল প্রমাণিত হয়। এর ভিত্তিতে মহকুমা শাসক তার শংসাপত্র বাতিল করেন এবং তাকে প্রধান পদ থেকে অপসারণের প্রক্রিয়া শুরু করেন। লাভলি খাতুনকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে তৃণমূল নেতৃত্ব পুরো ঘটনার দায় এড়ানোর চেষ্টা করছে। তাদের দাবি, কংগ্রেসের প্রতীকে জয়ী লাভলি তাদের দলের কেউ নন। অন্যদিকে বিরোধীরা লাভলির গ্রেফতারি এবং সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। বিজেপি, কংগ্রেস এবং সিপিএমের অভিযোগ, তৃণমূলের মদতেই এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ গুপ্তচর রিপোর্টে মাওবাদীদের খোঁজ! ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ৩১ জনের!
রাজনৈতিক তরজা ইতিমধ্যেই তীব্র হয়ে উঠেছে। লাভলি খাতুনের ভবিষ্যৎ নির্ভর করছে আদালতের পরবর্তী নির্দেশের উপর। তবে এই ঘটনা ফের একবার প্রমাণ করল, রাজনৈতিক অঙ্গনে নৈতিকতার অভাব এবং জাল নথি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার