করোনাভাইরাস অতিমারীর জন্য যথেষ্ট ক্ষতির মুখে ভারতীয় অর্থনীতি। ক্ষতিগ্রস্ত করোনা আক্রান্ত রাজ্যগুলিও। টান পড়েছে কোষাগারে। তাই হরিয়ানা সরকার মঙ্গলবার ঘোষণা করেছে যে আগামী বছরের জন্য সরকারী খাতে নতুন কোনও চাকরি দেওয়া হবে না। এর পাশাপাশি সরকারী কর্মচারীদের এলটিসিও এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।
তবে এই ঘোষণার ফলে বিরোধী দলের ক্ষোভের মুখে পড়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। বিরোধী নেতাদের বক্তব্য এর ফলে হরিয়ানার তরুন সমাজ ক্ষতিগ্রস্ত হবে।
সোমবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সভা চলাকালীন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর প্রধানমন্ত্রীকে অবহিত করেন সঙ্কটের পরিস্থিতিতে যে কোনও ঘটনার সম্মুখীন হতে হরিয়ানা সম্পূর্ণ প্রস্তুত। খট্টর জানান, প্রতিদিন ৩,১১৫ টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। এবং এখনও অবধি ২২,২৪৩ টি পরীক্ষার মধ্যে ২৯৯ জনের করোনা পরীক্ষার ফল ইতিবাচক পাওয়া গেছে এবং ২০৫ জন এই রোগ থেকে সেরে উঠেছেন।





