বিজেপির সঙ্গে রাজনীতি না করে রাজ্যে করোনা পরিস্থিতি সামাল দিন দিদি, চিঠি কৈলাস বিজয়বর্গীয়-এর

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পত্রযুদ্ধ শুরু করলেন কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। বুধবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন বিজেপির সঙ্গে রাজনীতি করার সময় নয়, করোনা মোকাবিলায় মন দিন।

কৈলাস লিখেছেন, ’মমতাজি আপনি বিজেপির সঙ্গে লড়াইয়ের অনেক সুযোগ পাবেন। সামনে পুরসভার নির্বাচন, আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে। তখন লড়াই করবেন। কিন্তু এখন প্রধানমন্ত্রীর, রাজ্যপালের, বিজেপির নেতা, সাংসদদের সঙ্গে লড়াইয়ের সময় নয়। এখন করোনার বিরুদ্ধে লড়াই করুন।’

চিঠির শুরুটা হয়েছে খানিকটা এইভাবে, ‘আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এই চিঠি লিখতে বাধ্য হচ্ছি। একদিকে করোনার জেরে বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর অন্যদিকে আপনি নোংরা রাজনীতি করছেন। আমি আপনাকে অনুরোধ করছি, পশ্চিমবঙ্গের গরিব মানুষদের মুখ চেয়ে রেশন লুঠ বন্ধ করুন। করোনা চিকিৎসার ক্ষেত্রে যাঁরা সামনে থেকে লড়াই করছেন তাঁদের উপযুক্ত নিরাপত্তার জন্য পিপিই, অন্যান্য সরঞ্জাম দেওয়ার ব্যবস্থা করুন।’

আরও মারাত্মক অভিযোগ তিনি করেছেন। বাংলায় যথেষ্ট সংখ্যক টেস্ট হয়নি, সংক্রমণের হারও উদ্বেগজনক। করোনায় মৃতের সংখ্যা চেপে যাওয়া হচ্ছে। তিনি লিখেছেন, ‘আপনি নিজে যখন বলছেন করোনায় মৃতের সংখ্যা ১৮, তখন কেন্দ্রীয় দলের কাছে আপনার অফিসাররা স্বীকার করেছেন, ৫৭ জন মারা গিয়েছেন।’

এরপরেই বোমা ফাটিয়েছেন তিনি। তুলে এনেছেন ভোটব্যাঙ্ক রাজনীতির অভিযোগ। টিকিয়াপাড়ার ঘটনার উল্লেখ করে লেখেন, লকডাউন করাতে গিয়ে যেভাবে পুলিশ মার খেয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এতে বাহিনীর মানসিকতা ধাক্কা খাবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠির কী জবাব দিয়েছেন তা এখনও জানা যায়নি।

RELATED Articles

Leave a Comment