Weather update : চৈত্রের শেষেই বর্ষার আমেজ! নববর্ষের আগে বাংলায় বৃষ্টির চমক, কোন কোন জেলায় পাওয়া যাবে বৃষ্টির ছোঁয়া?

গ্রীষ্মের শুরুতেই রাজ্যের বিস্তীর্ণ অংশে ইতিমধ্যেই পারদ চড়েছে। একদিকে কাঠফাটা রোদ, অন্যদিকে ঘামঝরানো গরম। রাস্তায় বেরোলে যেন দমবন্ধ হয়ে আসছে। কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। দুপুরবেলা রাস্তাঘাট প্রায় ফাঁকা। অফিস ফেরত মানুষের চোখে-মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তাই এই দাবদাহের মাঝে স্বস্তির বৃষ্টি যে কতটা কাঙ্খিত, তা নতুন করে বলে দিতে হয় না। এক ফোঁটা বৃষ্টির জন্য আজ যেন শহরবাসী মুখিয়ে থাকে।

অন্যদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাসে যখন বৃষ্টির ইঙ্গিত মেলে, তখন সেটাই হয়ে ওঠে আলোচনার মূল বিষয়। কারও মুখে শোনা যায়, “এই গরমের পরে যদি এক পশলা বৃষ্টি পড়ে, তবে তো জীবনধারণই সহজ হয়ে যায়।” আবার কারও চিন্তা, “বৃষ্টি মানেই তো আবার জল জমা, যানজট, ভোগান্তি।” তবে তার মধ্যেও স্বস্তির বৃষ্টি আসুক, এটাই প্রত্যাশা সকলের। চৈত্রের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবার আবহাওয়া দফতরের তরফে মিলেছে এমনই আশার খবর।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বিশেষ করে শহর কলকাতায় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই নামতে শুরু করে বৃষ্টি। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ারও দেখা মেলে। শুধু তাই নয়, এই বৃষ্টির ধারা চৈত্রের শেষ দিনগুলোতেও বজায় থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে এখানেই শেষ নয়, আসল চমক অপেক্ষা করছে নববর্ষের আগে!

আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। মূলত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গেরও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ সহ বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ Astrology: বুধ, শুক্র, লক্ষ্মীনারায়ণ, পঞ্চগ্রহী একসঙ্গে! হনুমান জন্মজয়ন্তীর দুর্লভ যোগে কার জীবনে টাকার বৃষ্টি, দেখে নিন আপনার রাশি আছে কি না!

তবে সবচেয়ে বড় প্রশ্ন, নববর্ষের দিন অর্থাৎ ১৪ এপ্রিল কেমন থাকবে বাংলার আবহাওয়া? সূত্র বলছে, সেই দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনায় অনেকটাই কম। আকাশ থাকতে পারে মেঘলা, তবে ভারী বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা কম। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নববর্ষের দিন রাজ্যবাসী তুলনায় স্বস্তিতেই দিনটা কাটাতে পারবেন বলেই আশা। তবে তার আগে চৈত্রের শেষ কটা দিনে ঝড়-বৃষ্টির চোখরাঙানি সামলাতে হতে পারে বঙ্গবাসীকে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles