এবার করোনার কুপ্রভাব দেখা গেল দেশের সেনাবাহিনীর মধ্যেও। দেশে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে বিধ্বস্ত করেছে এই মারণ ভাইরাস এবং গিয়ে থাবা বসিয়েছে ব্যাটেলিয়নে।দিল্লিতে এবার নতুন করে সংক্রামিত হলেন ৬৮ জন সিআরপিএফ জওয়ান। সবমিলিয়ে পূর্ব দিল্লির ময়ূর বিহার ক্যাম্পে করোনা আক্রান্ত জওয়ানের সংখ্যা গিয়ে দাঁড়াল ১২২ জন।
সম্প্রতি সিআরপিএফের ওই ক্যাম্পের ৩১ নম্বর ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর করোনা আক্রান্ত হন এবং মারা যান। ৫৫ বছরের এই ব্যক্তি করোনা পজিটিভ হওয়ার পর তাঁকে দিল্লির সফদর জং হাসপাতালে ভর্তি করা হয়। অসমের বরপেটা জেলার ওই এসআইয়ের ডায়াবেটিস ও প্রেসারও ছিল।
এদিকে, ময়ূর বিহারের ওই ক্যাম্পে এখনও ১০০ জনের রিপোর্ট আসা বাকি। ফলে সংক্রমন যে কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা যাচ্ছে না।গোটা বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সিআরপিএফ প্রধানকে বলা হয়েছে, কেন ওই ক্যাম্পের সংক্রমণ থামানো গেল না তার ব্যাখ্যা দিতে।
গত শুক্রবারই ব্যাটালিয়নের ১২ জন জওয়ান করোনায় আক্রান্ত হন। মনে করা হচ্ছে ব্যাটালিয়নের স্বাস্থ্যকর্মীদের থেকে ওইসব জওয়ানরা সংক্রমিত হয়েছেন। কমপক্ষে ১০০০ জওয়ান থাকেন ওই ব্যাটালিয়নে। ফলে বিষয়টি বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে, করোনা সংক্রমণের হার কমছে বলে কেন্দ্র দাবি করলেও দেশে গত ২৪ ঘণ্টায় ২২৯৩ জন করোনা আক্রান্ত। সবেমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৭,৩৩৬। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১২১৮ জনের।





