গোটা এপ্রিলজুড়ে একের পর এক ঝড়বৃষ্টি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে। একদিকে তীব্র গরম, অন্যদিকে সন্ধ্যা নামলেই শুরু দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ—তেমনই চেনা চিত্র যেন আবার ফিরে আসছে মে মাসের শুরুতেই। দিনে রোদের তাপ সহ্য করে কর্মব্যস্ত মানুষ সন্ধ্যেবেলা একটু স্বস্তি পাওয়ার আশায় ছাদে বা বারান্দায় দাঁড়াতে যাচ্ছেন, আর ঠিক তখনই হঠাৎ আকাশ কালো হয়ে নেমে আসছে প্রবল ঝড়বৃষ্টি। তবে প্রশ্ন একটাই—এই পরিস্থিতি ক’দিন চলবে? শুধু আজ-কাল করেই যাবে, নাকি সামনেও চলবে বৃষ্টির এমন খেয়ালি খেলা? স্কুল-কলেজ, অফিসের যাতায়াত হোক বা ঘরের বাজার করা—সাধারণ মানুষকে নতুন করে ভাবাচ্ছে হঠাৎ এই আবহাওয়া বদল।
আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ফের শুরু হতে চলেছে ঝড়বৃষ্টির প্রকোপ। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে প্রতিদিন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই বৃষ্টি এবং কালবৈশাখীর প্রকোপ বাড়তে পারে। বলা হচ্ছে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া, এবং কোথাও কোথাও সেই গতি পৌঁছতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত। ফলে এই সময় সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। কেউ যেন খোলা জায়গায় না থাকেন, এমন সতর্কবার্তাও জারি হয়েছে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার—প্রতিটি জেলায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে দুই বঙ্গের প্রশাসনও সতর্ক। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কোথাও হালকা, কোথাও ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু এই সময়ের মধ্যে একটানা রোজ সন্ধ্যার পর থেকেই আকাশ কালো হয়ে নামবে ঝড়বৃষ্টি। কাজেই আগামী কয়েকদিন আবহাওয়ার খবর দেখে তবেই বাইরে বেরোনোই শ্রেয়।
হাওয়া অফিস জানিয়েছে, আজ অর্থাৎ শনিবার থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত এবং ঝড়ের প্রবণতা আগামী ৮ মে পর্যন্ত স্থায়ী হতে পারে। অর্থাৎ, মোটামুটি গোটা সপ্তাহ জুড়েই সন্ধ্যা নামলে তৈরি থাকবে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে তাপমাত্রা নিয়ে খুব একটা স্বস্তি নেই। দক্ষিণবঙ্গের গাঙ্গেয় অঞ্চলে আগামী পাঁচ দিনে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ফলে গরম যেমন থাকবে, তেমনই ঝড়বৃষ্টিও চলবে—এই দ্বৈত পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে হবে বঙ্গবাসীকে।
আরও পড়ুনঃ Astrology : ২০২৭ পর্যন্ত রুপোর পায়ে শনি! মে মাসে গ্রহ বদলে ধন-যশ-প্রেম সব মিলবে কেবল এই ৪ রাশির!
এই সময় আবহাওয়া বিশেষজ্ঞদের পরামর্শ, অপ্রয়োজনীয়ভাবে কেউ যেন বাইরে না বেরোন। বিশেষত যাঁরা ছাদে হাঁটাহাঁটি করেন বা ছেলেমেয়েরা খোলা মাঠে খেলাধুলো করে, তাঁদের বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজন আছে। স্কুল বা অফিস যাওয়ার সময় ছাতা ও প্রয়োজনে রেইনকোট সঙ্গে রাখা উচিত। এক কথায়, সন্ধ্যা নামলেই শুরু হতে পারে ঝড়বৃষ্টি। আর এই প্রবণতা চলবে ৮ মে পর্যন্ত। তাই কেবল আজ-কাল বলে থামবে না, প্রস্তুত থাকুন এক সপ্তাহব্যাপী এই ঝড়-বৃষ্টির খেয়ালি মেজাজের জন্য।






