Kabir Suman on Operation Sindoor : ‘গান দিয়েই যুদ্ধ থামাতে চাই’, অপারেশন সিঁদুরের মাঝে কবীর সুমনের ব্যতিক্রমী বার্তা ঘিরে চরম বিতর্ক!

বর্তমানে দেশজুড়ে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। সীমান্তে যখন ভারতের তরফে পাল্টা প্রত্যাঘাত চলছে, তখন দেশের ভিতরেই শুরু হয়েছে এক অন্য বিতর্ক। কেউ বলছেন ‘দেশপ্রেমে গর্বিত’, আবার কেউ প্রশ্ন তুলছেন, “এই যুদ্ধের কী দরকার?” ঠিক এই মুহূর্তেই নিজের মত স্পষ্ট করে বললেন বাংলা গানের বর্ষীয়ান শিল্পী কবীর সুমন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে নেটদুনিয়া।

অনেকেই যখন সেনার বীরত্বের প্রশংসায় মেতে, তখন কবীর সুমনের কণ্ঠে ভেসে এল এক ‘অবাধ্য’ সুর। গানে, লেখায় সবসময় তিনি বলেছেন শান্তির কথা। তাঁর দাবি— দেশের জন্য মরিয়া হয়ে উঠলেও, প্রকৃতির উপর ঘটে চলা নির্মম অত্যাচার নিয়ে কেউ কথা বলেন না। পুড়ে যায় বন, গাছগাছালি, প্রাণ হারায় অসংখ্য নিরীহ পাখি, পোকামাকড়। এই যুদ্ধের ছায়ায় যে প্রকৃতি কাঁদছে, তা যেন বলার লোক নেই। সেই অপূর্ণ কথাই এবার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন তিনি।

তাঁর লেখা পোস্টে উঠে এসেছে বিতর্কিত মন্তব্য— “দেশভাগের সময় কেউ আমার মত নেয়নি, দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি। যেখানে মানবপ্রেম নেই, পশুপাখির প্রতি ভালোবাসা নেই, সেখানে দেশপ্রেম দিয়ে কী হবে?” তিনি বলেন, এই যুদ্ধ, এই গোলাগুলি, এসব বন্ধ হওয়া দরকার। তাঁর মতে, “একটি গানের চেয়ে শক্তিশালী কিছুই নেই”— সেখানেই বারবার শান্তির ডাক দিয়েছেন তিনি। এই পোস্ট সামনে আসতেই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। অনেকেই বলছেন, কবীর সুমন ঠিকই বলেছেন, আবার অনেকে মনে করছেন, এই সময়ে এমন কথা সেনার মনোবল ভেঙে দিতে পারে।

উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিতে ভারত চালিয়েছে ‘অপারেশন সিঁদুর’। যেখানে ধ্বংস হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি। বৃহস্পতিবার রাতে পাকিস্তানও হামলার চেষ্টা করেছিল ভারতের উপর, যা ভারত সফলভাবে প্রতিহত করে। এই পরিপ্রেক্ষিতেই দেশের সর্বত্র উন্মাদনা, উত্তেজনা— একদিকে দেশপ্রেমের জোয়ার, অন্যদিকে কবীর সুমনের মতবাদ। এই আবহে বহু বিশিষ্টজনও মত দিতে শুরু করেছেন— কেউ শিল্পীর সাহসে মুগ্ধ, কেউ আবার ক্ষুব্ধ।

আরও পড়ুনঃ India pakistan war : ত্রিমুখী হামলার মাঝেই চুপিসারে যুদ্ধপরিকল্পনা! সেনা প্রধানদের সঙ্গে রাজনাথের বৈঠকে কী হল আসলে?

সরকার জানিয়েছে— পাকিস্তান একসঙ্গে ভারতের ১৫টি শহরে হামলার ছক করেছিল! লক্ষ্য ছিল শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, জলন্ধর, চণ্ডীগড়, লুধিয়ানা, অবন্তীপোরা, জম্মু, ভাটিন্ডা, কাপুরথালা, আদমপুর, ভুজ সহ একাধিক সেনা ঘাঁটি। তবে ভারতীয় সেনা সেই সব হামলার ছক সফলভাবে রুখে দিয়েছে। এই প্রেক্ষিতে এখন গোটা দেশে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে গর্ব, কিন্তু কবীর সুমনের মত এক শিল্পীর অবস্থান— এই উত্তেজনার মুহূর্তে ভিন্ন দৃষ্টিভঙ্গির দরজা খুলে দিয়েছে বলেই মনে করছেন অনেকে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর