WestBengal : ‘সিঁদুর’ ঘিরে চরম বিতর্ক, মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যের পাল্টা জবাবে বিজেপি— মহিলা পুলিশদের কপালেই ছোঁয়ানো হল প্রতিবাদের রং!

বাংলায় ‘সিঁদুর’ শব্দটি শুধুমাত্র একটুকরো রং নয়, বরং বহু বাঙালি মহিলার কাছে এক আবেগ, সংস্কার আর আত্মপরিচয়ের প্রতীক। বিবাহিত নারীর কপালে সিঁদুর মানে পরিণয়, পরিবার আর সামাজিক স্বীকৃতি। অথচ সেই ‘সিঁদুর’ই যদি রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়? তখনই প্রশ্ন ওঠে— সংস্কারের অপব্যবহার হচ্ছে না তো? সম্প্রতি এমনই এক ঘটনা নিয়ে সরগরম হুগলির চুঁচুড়া।

রাজনৈতিক নেতাদের একেকটি বাক্য, একটি মন্তব্য, অনেক সময় জনমানসে ঢেউ তোলে। বিশেষ করে তা যদি হয় সাংস্কৃতিক বা ধর্মীয় মূল্যবোধ জড়ানো কোনও শব্দ নিয়ে। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভায় এমনই এক মন্তব্য করেন যা ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। আর তারই প্রতিবাদে বিজেপি রাস্তায় নেমে যা করল, তা নতুন করে প্রশ্ন তুলছে— প্রতিবাদের ভাষা কি এতটাই বেপরোয়া হতে পারে?

বৃহস্পতিবার আলিপুরদুয়ার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার পরে, মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন— “প্রধানমন্ত্রী সিঁদুর বেচতে এসেছেন।” এই মন্তব্যকে কটাক্ষ বলেই ব্যাখ্যা করে ক্ষুব্ধ হয় বিজেপি। এর পরদিন, শুক্রবার, হুগলির চুঁচুড়া অঞ্চলের পিপুলপাতি পাঁচমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিজেপি মহিলা কর্মীরা বিক্ষোভ দেখান। শুরুতে প্রতিবাদ ছিল পোস্টার, স্লোগান আর বক্তব্যে সীমাবদ্ধ। কিন্তু পরে পরিস্থিতি চরমে পৌঁছয়।

বিক্ষোভ নিয়ন্ত্রণে আসতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির মহিলা কর্মীরা। পুলিশ তাদের রাস্তা থেকে সরাতে গেলে প্রতিবাদকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযোগ, সেই সময়েই কয়েকজন বিজেপি মহিলা কর্মী সামনে থাকা মহিলা পুলিশকর্মীদের কপালে জোর করে সিঁদুর পরিয়ে দেন। একজন পুলিশকর্মী পরে জানান, “আমি এখানে ডিউটি করতে এসেছি। আমাকে জোর করে সিঁদুর পরানো হয়েছে!”

আরও পড়ুনঃ SSC : আবার আদালতের মুখোমুখি SSC! নতুন নিয়োগবিধিও বাতিল হতে পারে, হুঁশিয়ারি বিকাশরঞ্জনের

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, কেউ কাউকে জোর করে কিছু করেনি। বরং পুলিশকর্মীরা নিজেরাই সিঁদুর পরেছেন। বিজেপি নেত্রী নিরুপা চক্রবর্তী বলেন, “সিঁদুর আমাদের গর্ব। আমরা সকলকে তা পরাতে চাই। পুলিশ নিজেরা ইচ্ছায় সিঁদুর পরেছেন।” কিন্তু এই বক্তব্যে প্রশাসনের অস্বস্তি আরও বাড়ছে। কারণ সরকারি দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে এমন আচরণ শুধু অশোভন নয়, আইনি দিক থেকেও প্রশ্ন তুলতে বাধ্য। এখন দেখার, এই ‘সিঁদুর’ রাজনীতির পরিপ্রেক্ষিতে কোন দিকে মোড় নেয় রাজনৈতিক ময়দান।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles