ভারতে বর্তমানে করোনা সংক্রমিতের সংখ্যা ৪০ হাজারেরও বেশি। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই তৃতীয় দফার লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ৪ঠা মে থেকে ১৭ মে পর্যন্ত ১৪ দিনের জন্য এবার লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। এই অবস্থায় সোমবার লকডাউনের প্রথম দিন করোনা অতিমারী প্রতিরোধে আন্তর্জাতিক মঞ্চে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নন অ্যালাইন্ড মুভমেন্ট (নাম) বা নিরপেক্ষ দেশগুলির এই ভার্চুয়াল বৈঠকে মোদীর পাশাপাশি অংশ নিচ্ছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলাম আলাউভের নেতৃত্বে বিশ্বের বিভিন্ন দেশে মহামারীর আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ মোকাবিলা নিয়ে এই বৈঠক হতে চলেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি সদস্য দেশের রাষ্ট্রনেতারা এতে অংশ নেবেন। রাষ্ট্রসংঘের পর নাম বিশ্বের দেশগুলির সবচেয়ে বড় সংগঠন, যেখানে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার ১২০টি দেশ রয়েছে।
জানা যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর ডিরেক্টর জেলারেল এবং রাষ্ট্রসংঘের প্রধান দুজনেই এই আলোচনায় অংশ নিতে পারেন। এই বৈঠকে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের কৌশল অন্যান্য দেশগুলির কাছে তুলে ধরবেন ভারতের প্রধানমন্ত্রী। গত কয়েকদিন ধরে বিশ্বের নানা দেশে হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহ করে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছে ভারত। উল্লেখ্য ভারত এখনও পর্যন্ত বিশ্বের ৮৭টি দেশে ২ কোটি ৮০ লক্ষ হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানি করেছে বিশ্বে।






