আজ বর্ষীয়ান অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তীর জন্মদিন। রুপোলি পর্দার এক কিংবদন্তি তিনি, যিনি একাধারে বহু দশক ধরে সিনেমা জগত মাতিয়ে রেখেছেন এবং এখন রাজনীতির মঞ্চেও দাপট দেখাচ্ছেন। জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছার বার্তা ও ছবির বন্যা। তবে যাঁর জন্মদিন, তিনি নিজে কিন্তু এই ডিজিটাল জগতে নেই বললেই চলে। কারণ? মোবাইল ফোনই ব্যবহার করেন না মিঠুন! জন্মদিনে চলুন জেনে নেওয়া যাক, তাঁর কিছু অদ্ভুত ও চমকপ্রদ অভ্যাস সম্পর্কে।
মোবাইল ফোন থেকে সম্পূর্ণ দূরে
মিঠুন চক্রবর্তী কোনও মোবাইল ফোন ব্যবহার করেন না—এ কথা শুনে অনেকেই অবাক হন। তবে এটাই সত্যি। তাঁর মতে, যাঁর প্রয়োজন তিনি নিজেই মিঠুনকে খুঁজে নেবেন। ব্যক্তিগতভাবে তিনি কখনও মোবাইল ব্যবহার করেননি। তাঁর সহকারীর কাছে ফোন থাকে, কিন্তু মিঠুন নিজে তা ছোঁন না। সোশ্যাল মিডিয়াতেও তাঁর কোনও সক্রিয়তা নেই।
নিজের হাতে কেক কাটেন না
জন্মদিন হোক বা সিনেমার সাফল্য—মিঠুন কোনওদিন নিজের হাতে কেক কাটেন না। এ নিয়ে তাঁর কিছু কুসংস্কার আছে। তাঁর প্রথম ছবি ‘মৃগয়া’র সহ-অভিনেত্রী মমতা শঙ্কর এক সাক্ষাৎকারে জানান, কোনও উদযাপনে কেক কাটার সময় মিঠুন সেখান থেকে সরে যান। পরে কেক খেতে পারেন, কিন্তু কাটেন না। জন্মদিনেও এই রীতি অপরিবর্তিত থাকে।
উদযাপন নয়, সাধারণ ভাবেই কাটে জন্মদিন
মিঠুন জন্মদিনে বড় কোনও অনুষ্ঠান বা উদযাপন পছন্দ করেন না। দিনের সাধারণ ছন্দেই কাটাতে চান তিনি। পরিবারের পক্ষ থেকেও ঘটা করে কিছু হয় না। তবে কোনও শ্যুটিংয়ের সময় বা রিয়্যালিটি শো-এর মঞ্চে থাকলে ইউনিটের তরফ থেকে ছোটখাটো উদযাপন হয়ে থাকে।
সময়ানুবর্তিতায় অনন্য
মিঠুন চক্রবর্তী সবসময় শ্যুটিং সেটে সময়ের অনেক আগেই পৌঁছে যান। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন, সেটে গিয়েই মেকআপ করেন, সংলাপ পড়েন, চরিত্রে প্রবেশের প্রস্তুতি নেন। দেরি করে আসা তাঁর স্বভাববিরুদ্ধ। শৃঙ্খলা ও পেশাদারিত্বের এই অভ্যাস তিনি বহু বছর ধরে বজায় রেখেছেন।
আরও পড়ুনঃ BJP : শুভেন্দুর পর বিতর্কে সুকান্ত, শিখ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত? থানায় অভিযোগ, দাবি ক্ষমা চাওয়ার!
মিঠুন চক্রবর্তীর এইসব অভ্যাস তাঁকে বাকিদের থেকে আলাদা করে তোলে—একদিকে তিনি বাস্তববাদী, অন্যদিকে নীরব অথচ শক্তিশালী এক চরিত্র। জন্মদিনে তাঁর প্রতি রইল অকুণ্ঠ শ্রদ্ধা ও শুভেচ্ছা।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!