দিল্লির বুকে দেশের নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক! ভারতীয় নৌসেনার সদর দপ্তরে কর্মরত এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করছিলেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। রাজস্থান পুলিশের গোয়েন্দাদের তৎপরতায় ধরা পড়েছেন ওই ব্যক্তি।
ধৃতের নাম বিশাল যাদব, হরিয়ানার বাসিন্দা। তিনি দিল্লিতে নৌবাহিনীর সদর দপ্তরে কেরানি পদে কর্মরত ছিলেন। রাজস্থান পুলিশের সিআইডি সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের গুপ্তচর চক্রের উপর নজরদারি চালাচ্ছিল গোয়েন্দা বিভাগ। সেই সময়ই বিশালের নাম উঠে আসে। তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।
জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক পাকিস্তানি মহিলা গুপ্তচরের সঙ্গে যোগাযোগ রাখতেন বিশাল। ওই মহিলা নিজেকে ‘প্রিয়া শর্মা’ নামে পরিচয় দিতেন। বিশাল তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নৌসেনা ও প্রতিরক্ষা বিভাগের একাধিক গোপন নথি পাঠাতেন বলে অভিযোগ। এমনকি গুরুত্বপূর্ণ সামরিক প্রকল্প ‘অপারেশন সিঁদুর’- সম্পর্কিত তথ্যও পাচার করেছেন তিনি।
আরও পড়ুনঃ Humayun Kabir: ‘মেয়ে মরে*ছে, আর ওরা টাকা দিতে এসেছে!’— তামান্নার পরিবারের ক্ষোভে তুঙ্গে, মুখ খুলতেই বিতর্কে হুমায়ুন কবীর!
তদন্তে আরও উঠে এসেছে, অনলাইন গেমে আসক্ত ছিলেন বিশাল। খেলায় খরচ করার জন্য টাকার প্রয়োজনেই তিনি চরের কাজ শুরু করেন। আপাতত তাঁকে গ্রেপ্তার করে জেরা চালানো হচ্ছে। আর কেউ এই চক্রের সঙ্গে যুক্ত আছে কিনা, ঠিক কী কী তথ্য পাচার হয়েছে, তা খতিয়ে দেখছে কেন্দ্র ও রাজ্য গোয়েন্দা সংস্থাগুলি। চরবৃত্তির এই ঘটনা ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।





