Weather update:নিম্নচাপের নতুন ইনিংস! সপ্তাহভর ভিজবে উত্তর ও দক্ষিণবঙ্গ, সতর্কবার্তা হাওয়া অফিসের !

আকাশে এখনও রোদের চোখ রাঙানি থাকলেও, বাতাসে যেন বৃষ্টির গন্ধ! ক’দিনের বিরতির পর আবার ছন্দে ফিরছে বর্ষা। নতুন নিম্নচাপ ঘিরে আশঙ্কার মেঘ জমছে বাংলার আকাশে। বৃষ্টির ছন্দে বদল আসছে দৈনন্দিন জীবনে। কখন কোথায় কতটা বর্ষণ? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? আগাম প্রস্তুতি সেরে রাখার বার্তা দিচ্ছেন আবহাওয়াবিদরা।

বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এর জেরে আগামী বুধবার পর্যন্ত বাংলার বহু জেলায় ঝেঁপে পড়বে বৃষ্টি। কোথাও হালকা, কোথাও মাঝারি তো কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। ফলে, সপ্তাহের প্রথম থেকেই নাজেহাল হতে পারে বহু এলাকা।

উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টির ছোঁয়া লাগতে শুরু করেছে। আজ, ৩০ জুন সোমবার থেকে ৬ জুলাই রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে বৃহস্পতিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। কালিম্পং-এ রবিবার পর্যন্ত, আর আলিপুরদুয়ারে বুধবার পর্যন্ত ভারী বর্ষণ চলতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও।

দক্ষিণবঙ্গের চিত্র আরও ভয়ানক। হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় আজ, সোমবার থেকেই হতে পারে অতিভারী বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান, দুই মেদিনীপুর, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির দাপটে জল দাঁড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বহু এলাকায়। সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ Astrology: ১২ বছর পর বিরল বৃহস্পতি গোচর! কাদের জীবনে আসছে সৌভাগ্য ও উত্থানের সময়?

নির্ধারিত সময়ের ১৫ দিন আগেই ভারতের সর্বত্র দখল নিয়েছে বর্ষা। এর জেরে উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা পরিস্থিতি, হিমাচলে জারি হয়েছে হড়পা বানের সতর্কতা। বাংলাতেও এর প্রভাব পড়েছে। এর আগেই পশ্চিম মেদিনীপুর ও হাওড়ার কিছু অঞ্চলে জল দাঁড়িয়ে পড়েছে। নতুন নিম্নচাপ ঘিরে ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের একাধিক জেলায়। আগের ওড়িশা উপকূল ঘিরে হওয়া নিম্নচাপের ফলেই বিপর্যয়ের মুখে পড়েছিল দক্ষিণবঙ্গ, এবারও তেমনই আশঙ্কা করছে প্রশাসন।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর