Suvendu Adhikari : পতাকা ছাড়াই ৯ অগাস্ট ‘নবান্ন অভিযান’-এর ডাক শুভেন্দুর, অভয়ার মৃত্যুর এক বছর পর ফের উত্তাল রাজপথে বিজেপি!

রাজ্যজুড়ে নারীদের উপর একের পর এক হিংসার ঘটনার প্রতিবাদে উত্তাল বিজেপি। কখনও আর জি কর, কখনও কসবা ল’ কলেজ— একের পর এক নারকীয় ঘটনার আঁচ পৌঁছেছে রাজ্য রাজনীতির মঞ্চেও। রাজপথে নেমেছে বিরোধী দল। আর তার মাঝেই ফের একবার তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তিনি বার্তা দিলেন— ‘পতাকা ছাড়াই হবে ৯ অগাস্ট অভয়ার ধর্ষণ ও খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান’।

কলকাতার রাসবিহারী মোড় থেকে কসবার দিকে বুধবার শুরু হয় বিজেপির মিছিল। বৃষ্টি মাথায় করেই রাজপথে হাঁটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চার কর্মীরা। ‘কন্যা বাঁচাও’ স্লোগান তুলে কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজের দিকে অগ্রসর হয় প্রতিবাদ মিছিল। কসবা কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল এই প্রতিবাদ কর্মসূচিতে মুখ খুলে একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনা তুলে আনেন শুভেন্দু।

প্রতিবাদ সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, “৫ তারিখে উল্টোরথে পানিহাটিতে যাব। সেদিনই অভয়ার বাবা-মার সঙ্গে দেখা করব। ওঁদের অনুমতি নিয়ে ৯ অগাস্ট পতাকা ছাড়াই ‘নবান্ন অভিযান’ করব।” প্রসঙ্গত, এক বছর আগে কলকাতার অভয়া নামে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় শিউরে উঠেছিল শহরবাসী। সেই ঘটনার বর্ষপূর্তিতে এবার সরব হলেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অভিযোগ করেন, “হাঁসখালি, কামদুনি, কালিয়াগঞ্জ, কাকদ্বীপ, কাটোয়া থেকে বগটুই— সব জায়গায় মমতার বাহিনীই ধর্ষকের ভূমিকা নিয়েছে। অভয়ার শরীর থেকে জল নয়, রক্ত গড়িয়েছে। এই সরকারকে উপড়ে ফেলতেই হবে।” এমনকি তিনি আরও বলেন, বিজেপি রাজপথে রয়েছে এবং প্রয়োজনে বৃষ্টি নয়, গুলিও খেতে রাজি তাঁরা।

আরও পড়ুনঃ Mohammed Shami : মাসে ৪ লক্ষ খোরপোশেও ক্ষুব্ধ হাসিন জাহান! প্রাক্তন স্বামী শামিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য!

রাজনৈতিক মহলের মতে, বিরোধীদের এই কর্মসূচি নিয়ে ফের উত্তাল হতে চলেছে রাজ্য রাজনীতি। বিরোধী শিবির যখন পথে, শাসকদলের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ৯ অগাস্ট কীভাবে বিজেপি ‘পতাকা ছাড়া’ নবান্ন অভিযান করে, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। অভয়ার মৃত্যুদিনে সেই অভিযানের গুরুত্ব যে এবার দ্বিগুণ, তা যেন স্পষ্ট শুভেন্দুর হুঙ্কারে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর