Fake Voter Alert : “বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ৯ জেলায় ৩০% ভোটার বেড়েছে”, মুখ খুললেন শুভেন্দু অধিকারী!

ভোটের আগে ফের একবার উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজনীতির কেন্দ্রবিন্দুতে এবার ভুয়ো ভোটার ইস্যু। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে পথে নামলেন, অন্যদিকে পালটা পথে নামল বিজেপি। ভুয়ো ভোটারদের নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে অভিযান চালিয়ে তৃণমূলকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর প্রতিবাদ কর্মসূচির মাঝেই বিরোধী শিবিরের এই সক্রিয়তায় জোরদার হল রাজনৈতিক চাপানউতোর।

বুধবার দুপুরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযানে হাজির হন বিজেপি বিধায়করা। তাঁদের অভিযোগ, রাজ্যে ভুয়ো আধার ও ইপিক কার্ড বানিয়ে ভুয়ো ভোটারদের তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই কার্ডগুলি কোথা থেকে আসছে, তা খুঁজতে তৎপরতা দাবি করেন তারা। এই অভিযানের পর সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগের সুরে তিনি বলেন, “ভুয়ো আধার ও ইপিক কার্ডের সাপ্লাই লাইন ও হাব এখন পশ্চিমবঙ্গ।”

শুভেন্দু অধিকারীর দাবি আরও বিস্ফোরক। তিনি বলেন, “বাংলাদেশ সীমান্ত লাগোয়া ৯টি জেলায় গড়ে ২০ থেকে ৩০ শতাংশ ভোটার বেড়েছে।” তাঁর প্রশ্ন, কীভাবে এত ভোটার বাড়ল? পরিসংখ্যান তুলে ধরে তাঁর যুক্তি, বিহারে যদি ৩০ লক্ষ ভুয়ো ভোটার থাকে, তাহলে বাংলায় সংখ্যাটা ৯০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। তাঁর মতে, এই বিষয়ে বাড়ি বাড়ি সমীক্ষা করা ছাড়া সত্য উদঘাটনের আর কোনও পথ নেই।

এখানেই শেষ নয়। শুভেন্দুর অভিযোগ, অধিকাংশ বিডিও-ই তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বিএলও তালিকা তৈরি করছেন। ফলে নিরপেক্ষতার অভাব রয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজে। এই ধরনের অনিয়ম নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে বলে দাবি শুভেন্দুর। তাঁর কথায়, “ভোটার তালিকায় কারচুপি করেই তৃণমূল নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করছে।”

আরও পড়ুনঃ Bangladesh : শেখ হাসিনার গোপালগঞ্জে রণক্ষেত্র! এনসিপি মিছিলে দফায় দফায় সংঘর্ষ, মৃ*ত ৪, গুলি*বিদ্ধ অন্তত ৯!

২০২৬-র বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই রাজনৈতিক বার্তা দিতে চান শুভেন্দু। তিনি বলেন, “২৪-এর লোকসভা নির্বাচনে কী কী কারচুপি হয়েছে, সব সামনে আনা হবে।” তাঁর হুঁশিয়ারি, এবার রাজ্যে ঘরে ঘরে সমীক্ষা চালাবে বিজেপি। ভুয়ো ভোটার ইস্যুকে সামনে রেখেই যে আগামী দিনে আরও বড়সড় আক্রমণের পথে হাঁটতে চলেছে বিজেপি, বুধবারের এই সাংবাদিক সম্মেলনে তা স্পষ্ট করে দেন বিরোধী দলনেতা। আর এই ইস্যুতে পালটা পথে নামা তৃণমূল বনাম বিজেপির সংঘাত যে ক্রমশ চড়বে, তা বলাই বাহুল্য।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর