Amit Shah : ‘৯৩ হাজার পাকিস্তানি ছিল হাতে, তবু PoK ফেরেনি’, ১৯৭১-র যুদ্ধ টেনে কংগ্রেসকে তোপ অমিত শাহের!

ভারত-পাক সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিয়ে ফের উত্তাল রাজ্যসভা। বিরোধীদের প্রশ্ন, বারবার দাবি সত্ত্বেও পাক অধিকৃত কাশ্মীর (PoK) কেন ফেরানো গেল না? সংঘর্ষবিরতির সিদ্ধান্ত কি পাকিস্তানকে বাড়তি সুযোগ দিচ্ছে? এই নিয়েই বুধবার সংসদে ঝড় তুললেন বিরোধীরা। কিন্তু চুপ থাকেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তীব্র সুরে কংগ্রেসকে নিশানা করে জানিয়ে দিলেন— “PoK দিয়েছে কংগ্রেস, ফেরত আনবে বিজেপি।”

‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে অমিত শাহ সরাসরি বলেন, “রাহুল গান্ধীকে চিন্তা করতে হবে না। কংগ্রেস পাকিস্তানের হাতে PoK তুলে দিয়েছিল, আমরা সেই জমি ফিরিয়ে আনব।” যদিও কবে বা কীভাবে তা ফিরিয়ে আনা হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী। বরং কংগ্রেসের ভূমিকা নিয়েই তাঁর আক্রমণ জারি থাকে। তিনি দাবি করেন, PoK-এর মূল ভিত্তি তৈরি করেছিল কংগ্রেস।

রাহুল গান্ধীর বক্তব্যের উত্তরে অমিত শাহ বলেন, “১৯৭১ সালে ভারতীয় সেনার হাতে ছিল ৯৩,০০০ পাকিস্তানি বন্দি। তখন ইচ্ছা করলেই পাক অধিকৃত কাশ্মীর ফেরত আনা যেত। কিন্তু কংগ্রেস সরকার তা পারেনি। সাহসের অভাব ছিল।” পাশাপাশি তিনি রাহুলের বক্তব্যে ইন্দিরা গান্ধীর উদাহরণ টানার কৌশলকেও কটাক্ষ করেন।

ইউপিএ সরকারের আমলে পাকিস্তানের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হতো না বলেও অভিযোগ করেন অমিত শাহ। তাঁর কথায়, “তখন পাকিস্তান ভারতকে ভয় পেত না। শুধু ডসিয়ার পাঠানো হতো। কিন্তু এখন মোদী সরকারের আমলে পাকিস্তানকে ব্রহ্মোস মিসাইল দিয়ে উত্তর দেওয়া হয়।” সেই সঙ্গে সন্ত্রাসবাদ, মাওবাদ ও বিচ্ছিন্নতাবাদ নিয়ে কেন্দ্রের ভূমিকার তুলনাও টেনে আনেন তিনি।

পহেলগামে হামলার পরে চিদম্বরমের বক্তব্য তুলে ধরেন অমিত শাহ। বলেন, “তাঁর প্রশ্ন ছিল, কী প্রমাণ আছে যে চার জঙ্গি পাকিস্তান থেকে এসেছে? এর মাধ্যমে কংগ্রেস কার্যত পাকিস্তানকে ক্লিনচিট দিয়েছে।” তাঁর মতে, মোদী সরকার চুপ করে বসে থাকেনি, বরং উপযুক্ত জবাব দিয়েছে। তিনি দাবি করেন, দেশের নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষার প্রশ্নে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুনঃ TCS-এর বড় ধাক্কা! ছাঁটাইয়ের পর এবার বন্ধ নিয়োগ, বাতিল বেতনবৃদ্ধিও — উদ্বেগে লক্ষাধিক কর্মী

সব মিলিয়ে PoK ইস্যুতে বিজেপির অবস্থান আরও স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বারবার কংগ্রেসের ব্যর্থতা তুলে ধরে তিনি জানিয়ে দিলেন, বর্তমান সরকার সেই জমি ফেরত আনার লক্ষ্যে অটল। তবে কবে, কীভাবে এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে, তা নিয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা বা রূপরেখা দেননি অমিত শাহ। তবে তাঁর কণ্ঠে ছিল দৃঢ় বার্তা— “PoK ফিরিয়ে আনব আমরা।”

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর