কোটা ফেরত ছাত্রী করোনা আক্রান্ত, সংস্পর্শে আসা ব্যক্তিদের পাঠানো হবে কোয়ারেন্টাইনে

কোটা ফেরত পড়ুয়া আক্রান্ত হলেন করোনায়। কিছুদিন আগেই কোটা থেকে ফিরেছেন রাজ্যের একঝাঁক পড়ুয়া। তাঁদের মধ্যে ছিলেন হাওড়ার বাসিন্দা এক ছাত্রীও। ফিরে আসার পরে  তাঁকে গৃহ-পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট আসতেই জানা যায় ওই ছাত্রী করোনা পজিটিভ।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে ওই ছাত্রীকে গোলাবাড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১ মে বিশেষ বাসে কোটা থেকে ওই পড়ুয়াদের রাজ্যে ফিরিয়ে আনা হয়। ওই ছাত্রীর বাবা জানিয়েছেন, তাঁর মেয়ে কোটায় ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পড়তে গিয়েছিলেন। কিন্তু লকডাউনে সেখানেই আটকে পড়েন। বাকি কয়েক হাজার পড়ুয়ার সঙ্গে গত শুক্রবার তিনি ফেরেন সাঁকরাইলের বাড়িতে। 

ওই পড়ুয়ার বাবা প্রাক্তন সেনাকর্মী।  তিনি জানিয়েছেন “মেয়ে ফিরে আসার আগেই, বাড়ির দোতলায় সম্পূর্ণ আলাদা ভাবে ওর থাকার ব্যবস্থা করি। বাইরে থেকে সব ঘরের দরজাও বন্ধ করে দিই। করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পরে জেলা স্বাস্থ্য দফতরের গাড়ি এসে মেয়েকে হাসপাতালে নিয়ে যায়।”

অপরদিকে জেলা স্বাস্থ্য দফতরের এক পদস্থ কর্তা জানিয়েছেন, “মনে হচ্ছে কোটা থেকেই ওই ছাত্রী সংক্রামিত হয়েছেন। তিনি কোন বাসে ফিরেছিলেন এবং তাঁর সঙ্গে কারা কারা ছিলেন, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাদেরকেও কোয়ারান্টাইনে পাঠানো হবে ও নমুনা পরীক্ষাও করা হবে।”

RELATED Articles

Leave a Comment