বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য। বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে গত ২০ অগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রথমে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ভর্তি হলেও বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই তাঁর ব্রেন স্ট্রোক হয়। দ্রুত তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত সংকটজনক হতে পারে।
দলীয় সূত্রে খবর, অসুস্থ থাকার পরও কর্মসূচি এড়িয়ে যাননি আসানসোল দক্ষিণের বিধায়ক। জ্বর, সর্দি-কাশি আর প্রবল অস্বস্তি নিয়েও দলীয় মঞ্চে সক্রিয় ছিলেন তিনি। আসানসোলে একাধিক কর্মসূচি সেরে কলকাতা ফেরার পথে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অগ্নিমিত্রা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালের সিটি-স্ক্যান রিপোর্টে ব্রেন স্ট্রোক ধরা পড়েছে। তার সঙ্গে বাঁ দিকের ফুসফুসে সংক্রমণও পাওয়া গেছে। চিকিৎসক দলের কড়া নজরদারিতেই রয়েছেন তিনি।
অগ্নিমিত্রা পালের অসুস্থতা ঘিরে বিজেপি শিবিরে উৎকণ্ঠা বাড়ছে। হাসপাতালের বাইরে ইতিমধ্যেই ভিড় জমেছে দলের নেতা-কর্মী এবং সমর্থকদের। হাসপাতালের করিডরে টহল দিচ্ছেন বিজেপির একাধিক নেতা। দলের ভেতরে অনেকেই মনে করছেন, প্রবল কাজের চাপ আর নিরন্তর রাজনৈতিক কর্মসূচি তাঁর শারীরিক অবনতির বড় কারণ। রাজনৈতিক মঞ্চে অগ্নিমিত্রা বরাবরই ছিলেন সরব কণ্ঠস্বর—হোক তা তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ বা দলের পক্ষে সরাসরি জনসংযোগ। সেই কণ্ঠস্বর হঠাৎ থেমে যাওয়ায় চাপে পড়েছে বিজেপি।
তৃণমূলের একাংশের মতে, রাজনীতিকে পেশা নয়, পেশার থেকেও বেশি দায়বদ্ধতা মনে করেন অগ্নিমিত্রা। তাই অসুস্থ শরীর নিয়েও ছুটেছেন কর্মসূচিতে। তবে প্রশ্ন উঠছে—দল কি তাঁকে বিশ্রামের সুযোগ দিয়েছিল? নাকি রাজনৈতিক প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করতে গিয়ে তিনি আরও বিপদে ফেলেছেন শরীরকে?
আরও পড়ুনঃ Astrology: শনি-বুধের প্রতিযুতি যোগ! পুজোর আগেই বদলাবে ভাগ্য, লাভবান হবেন ৩ রাশি
অগ্নিমিত্রার অবস্থা এখন পর্যবেক্ষণে। চিকিৎসকদের বক্তব্য, আপাতত ভেন্টিলেটরে না রাখলেও যেকোনও মুহূর্তে পরিস্থিতি জটিল হতে পারে। আগামী কয়েক দিন তাঁর জীবনের জন্য লড়াই অত্যন্ত কঠিন হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিজেপি শিবিরে একটাই প্রার্থনা—অগ্নিমিত্রা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন রাজনৈতিক লড়াইয়ের ময়দানে।





