অভ্যন্তরীণ রক্তক্ষরণে গুরুতর অসুস্থ শ্রেয়স আইয়ার, ICU-তে ভর্তি টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক

ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারকে হঠাৎই হাসপাতালে ভর্তি করতে হলো। চোট এতটাই গুরুতর যে তাঁকে সরাসরি সিডনির একটি বেসরকারি হাসপাতালে ICU-তে রাখা হয়েছে। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, শ্রেয়সের শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়েছে, যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে। দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে, এবং তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনাটা ঘটেছিল সিডনি ম্যাচের সময়। ফিল্ডিং করতে গিয়ে এক অসাধারণ ক্যাচ ধরতে ডাইভ দিয়েছিলেন শ্রেয়স। ক্যাচটি সফলভাবে ধরলেও ভুলভাবে মাটিতে পড়ে যান তিনি। মুহূর্তের মধ্যেই ব্যথায় লুটিয়ে পড়েন মাঠে। ফিজিও দৌড়ে এসে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে মনে করা হয়েছিল সাধারণ চোট, কিন্তু স্ক্যান রিপোর্টে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য—তাঁর পাঁজরের বাঁদিকের নিচে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।

এই ঘটনার পর টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফিরলেও শ্রেয়সকে সিডনিতেই রেখে দেয় BCCI। বোর্ডের এক সদস্য জানিয়েছেন, “শ্রেয়স এখন স্থিতিশীল অবস্থায় আছে, তবে পরিস্থিতি একেবারে হালকা নয়। চিকিৎসকরা রক্তক্ষরণ বন্ধ রাখতে এবং সংক্রমণ এড়াতে বিশেষ যত্ন নিচ্ছেন।” বোর্ড ও মেডিক্যাল টিম কোনও ঝুঁকি নিতে চাইছে না। তাঁকে কমপক্ষে দুই থেকে সাত দিন ICU-তে পর্যবেক্ষণে রাখা হবে।

প্রথমে আশা করা হয়েছিল, চোট কাটিয়ে তিন সপ্তাহের মধ্যেই মাঠে ফিরতে পারবেন শ্রেয়স। দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে ফের দেখা যেতে পারে বলেও ধারণা ছিল। কিন্তু অভ্যন্তরীণ রক্তক্ষরণের বিষয়টি সামনে আসায় এখন সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। চিকিৎসক দল জানিয়েছে, সম্পূর্ণ সুস্থ হতে তাঁর আরও দুই সপ্তাহের বেশি সময় লাগতে পারে।

আরও পড়ুনঃ SIR : ‘‘প্রকৃত ভোটার বাদ গেলে বিজেপি কর্মীদের আগুনে পুড়িয়ে দেব’’— SIR ইস্যুতে বর্ধমানের বিধায়কের বিস্ফোরক হুঁশিয়ারি!

এখন প্রশ্ন একটাই—কখন ফিরবেন শ্রেয়স আইয়ার? আপাতত তিনি সিডনির হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে চোখ রাখছে পুরো ক্রিকেট দুনিয়া। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনায় শুভেচ্ছা জানাচ্ছেন। দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারকে যত দ্রুত সম্ভব আবার নীল জার্সিতে দেখতে চায় গোটা ভারত।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles