CJI Surya kant : গ্রামের স্কুলের ছাত্র থেকে দেশের সর্বোচ্চ বিচারপতি— সূর্য কান্তের লড়াইয়ের গল্প আজ ইতিহাস রচনার সাক্ষী!তাঁর সংগ্রামের পথটাই বা কেমন ছিল?

দেশের বিচারব্যবস্থার ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলি সময়ের সীমানা পেরিয়ে প্রেরণা হয়ে ওঠে। হরিয়ানার একটি শান্ত, কৃষিপ্রধান গ্রামের ছেলে যখন দেশের শীর্ষ বিচারপতির আসনে বসেন, তখন সেই গল্প শুধু সফলতার নয়—এটি অসংখ্য সাধারণ মানুষেরই সংগ্রামের প্রতিচ্ছবি। নতুন প্রধান বিচারপতি সূর্য কান্তের পথচলাও ঠিক তেমনই এক অনুপ্রেরণার অধ্যায়।

শৈশব-কৈশোর কেটেছে হিসার জেলার ছোট্ট গ্রাম পেটোয়ারে। একান্নবর্তী কৃষক পরিবারে জন্ম, সংসারে উপার্জনের একমাত্র ভরসা ছিল কৃষিকাজ। শুধুমাত্র তাঁর বাবা ছিলেন একজন স্কুলশিক্ষক। গ্রামের সরকারি স্কুলে পড়াশোনা, তারপর পড়ার ফাঁকে মাঠে বাবার সঙ্গে চাষের কাজে সাহায্য—এই ছিল ছোটবেলার দিনযাপন। সেখান থেকেই প্রত্যক্ষ করেছেন গ্রামীণ জনজীবনের একাধিক কঠিন বাস্তব, যা তাঁর পরবর্তী জীবনের সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করেছিল।

ম্যাট্রিক পাশের পর প্রথমবার গ্রামের বাইরে পা রেখে হিসারে উচ্চশিক্ষা। এরপর রোহতকের মহর্ষি দয়নন্দ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে আইন পাশ। পরের বছর থেকেই পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু। মাত্র ৩৮ বছর বয়সে হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল হওয়া—এমন সাফল্যও তাঁর লড়াইয়ের পথকে থামাতে পারেনি। গ্রামের মানুষের অধিকারহীনতা চোখে দেখেই আইন পেশাকে বেছে নিয়েছিলেন সূর্য কান্ত, নিজের কথায়—“অন্তত একজনকে তো এদের পাশে দাঁড়াতেই হবে।”

দীর্ঘ কর্মজীবনে বিচারব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৪ সালে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের বিচারপতি, ২০১৮ সালে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি, আর ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে যোগদান। জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা সংক্রান্ত সাংবিধানিক বেঞ্চসহ হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে তাঁর নাম যুক্ত। মানবাধিকার, প্রশাসনিক তত্ত্বাবধান, সাংবিধানিক ব্যাখ্যা—প্রতিটি ক্ষেত্রেই তাঁর রায় বিশেষ গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুনঃ Rajnath Singh : ‘কে জানে, কালই সিন্ধ ভারতে ফিরে আসতে পারে’— দেশভাগের স্মৃতি টেনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিস্ফোরক মন্তব্য, সীমান্ত বদলের ইঙ্গিতে তুঙ্গে জল্পনা!

এবার দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বগ্রহণ করলেন তিনি। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে শপথ নেন সূর্য কান্ত। এটাই ইতিহাস—৭৫ বছরের সুপ্রিম কোর্টের যাত্রায় প্রথমবার হরিয়ানার কেউ এই পদে। প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাই বলেছেন—“যাঁদের অধিকার রক্ষার প্রয়োজন সবচেয়ে বেশি, তাঁদের জন্য বিচারপতি কান্তই নিরাপদ আশ্রয়।” কৃষকের মাঠ থেকে দেশের সর্বোচ্চ আদালতের শীর্ষে ওঠার এই যাত্রাই প্রমাণ করে—সংগ্রাম কখনও বৃথা যায় না।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর