বাঙালির ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা বাড়ল ২.১ কোটি, বন্ধন ব্যাঙ্ক এখন আগের থেকে আরও শক্তিশালী

২০১৯-২০ আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে তাঁদের ব্যবসার চূড়ান্ত ফলাফল ঘোষণা করল বন্ধন ব্যাঙ্ক। পূর্ববর্তী আর্থিক বছরের তুলনায় ব্যাঙ্কের মোট ব্যবসার আয়তন বৃদ্ধি পেয়ে হয়েছে ১,২৮,৯২৮ কোটি টাকা। এই নিয়ে পঞ্চমবার কোনো আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করা হল।

২০১৫-১৬ আর্থিক বছরে ব্যাঙ্কিং অপারেশন শুরু করেছিল বন্ধন ব্যাঙ্ক। এ বছর অগস্ট মাস এলে এই ব্যাঙ্কের প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্ণ হবে। মাত্র এই সাড়ে চার বছরেই বন্ধন ব্যাঙ্ক গোটা দেশে ৪৫৫৯টি ব্যাঙ্কিং আউটলেট খুলে ফেলেছে, আর তার মাধ্যমে পরিষেবা পেয়েছে ২.০১ কোটি গ্রাহক। সদ্য সমাপ্ত আর্থিক বছরে ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা বেড়েছে আরও 11 লক্ষ। বন্ধন ব্যাঙ্কের মোট কর্মীর সংখ্যা এখন ৩৯,৭৫০।

আগের আর্থিক বছরের তুলনায় বন্ধন ব্যাঙ্কের আমানাত বেড়েছে ৩২.০৪ শতাংশ হারে। ব্যাঙ্কের মোট আমানতের বহর এখন ৫৭,০৮২ কোটি টাকা। ব্যাঙ্কের কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে আমানত ১৯.৩৬ শতাংশ হারে বেড়েছে। বৃদ্ধি হয়েছে ঋণের ক্ষেত্রেও। গত বছরের তুলনায় ব্যাঙ্কের দেওয়া ঋণের বহর ৬০.৪৬ শতাংশ বেড়েছে। ব্যাঙ্কের এই বছরে নিট মুনাফা হয়েছে ৩০২৪ কোটি টাকা। যা গত বছরের মুনাফার তুলনায় ৫৪.৯৬ শতাংশ বেশি।

এই ফলাফল প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ বলেন, “অর্থনীতির মন্দোগতির জন্য এ বছরটা খুবই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছে সমগ্র ব্যাঙ্কিং শিল্প। তা সত্ত্বেও আমরা নিজেদের আরও মজবুত ও দৃঢ় করে তুলতে পেরেছি। গ্রাহকরা আমাদের উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তার জন্যই এই বৃদ্ধি সম্ভব হয়েছে। আর্থিক বছরের শেষ দু’সপ্তাহে বিশ্ব জুড়ে করোনা মহামারীর প্রভাব শুরু হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু আমাদের ব্যবসায় তার কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। আমাদের কর্মীদের মাধ্যমে গ্রাহকদের আরও ভাল ও নিরন্তর পরিষেবা দেওয়ার জন্য ব্যাঙ্ক দায়বদ্ধ। আর তার মাধ্যমে সমাজে ও অর্থনীতিতে প্রকৃত বদল আনতেও অঙ্গীকারবদ্ধ আমরা। ”

RELATED Articles

Leave a Comment