গতকালের ভাষনে জাতিকে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে ঘোষণা করেছিলেন ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজেরও। বুধবার বিকেলে প্রথম দফার বৈঠকে যা বিশদে দেশকে বুুঝিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিরোধীরা সেই ঘোষণায় ‘কিছুই নেই’ বলে অভিযোগ করলেও প্রধানমন্ত্রী নিজে অর্থমন্ত্রীর ঘোষণাগুলির ভূয়সী প্রশংসা করছেন।
এদিন টুইটারে প্রধানমন্ত্রী টুইট করে বলেন, ‘অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ যে ঘোষণাগুলি করেছেন, তাতে ব্যবসাগুলি বিশেষ করে এমএসএমই-গুলির যে সমস্যার মুখোমুখি হয় তার সমাধানে অনেক এগিয়ে যাবে। ঘোষিত পদক্ষেপগুলি (আর্থিক) তারল্য বৃদ্ধি করবে, উদ্যোক্তাদের ক্ষমতায়িত করবে এবং তাদের প্রতিযোগিতামূলক মনোভাবকে শক্তিশালী করবে।’
বুধবার নির্মলা এমএসএমইগুলির সংজ্ঞা আরও প্রশস্ত করার এবং বিনিয়োগের ক্ষেত্রে সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছেন। এমএসএমই হিসাবে শ্রেণিবদ্ধকরণের প্রয়োজনীয় মানদণ্ড হিসাবে সংস্থার টার্নওভার-কেও যুক্ত করা হয়েছে। এছাড়া এমএসএমইগুলির জন্য তিন লক্ষ কোটি টাকা পর্যন্ত জামানত-মুক্ত স্বয়ংক্রিয় ঋণদানের কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আর ভারতকে আত্মনির্ভর হতে যাতে এমএসএমইগুলি আরও বেশি সুযোগ পায় সেই জন্য ২০০ কোটি টাকা পর্যন্ত সরকারি টেন্ডারে বিদেশি সংস্থাগুলিকে অংশ না নিতে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।





