রাজ্যে বাস পরিষেবা চালু হলে বাড়বে বাসের ভাড়াও, ইঙ্গিত দিচ্ছে রাজ্য সরকার

তৃতীয় দফার লকডাউনের মধ্যে বাস ট্যাক্সি এবং ক্যাব পরিষেবা পুনরায় চালু হওয়ার ঘোষণা আগেই করেছেন পশ্চিমবঙ্গ সরকার। এবার পরিষেবা চালুর পাশাপাশি চলতি লকডাউনের মধ্যেই যাত্রীভাড়াও বাড়তে চলেছে। মঙ্গলবার এমনই আভাস পাওয়া গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে।

মমতা জানিয়েছেন, জরুরি পরিষেবার সাথে যুক্ত কর্মী, পরিযাযী শ্রমিক-সহ নিরুপায় যাত্রীদের সুবিধার্থেই এই বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার। এমনকি রেড জোনেও চলবে বাস, ট্যাক্সি ও ক্যাব।

শর্তসাপেক্ষ বাস পরিষেবা চালু হলেও বেসরকারি বাসের ভাড়া নির্দিষ্ট করবে সংশ্লিষ্ট পরিষেবা প্ৰদানকারী সংস্থাই। এই ক্ষেত্রে রাজ্য সরকার কোনো রকম হস্তক্ষেপ করবে না বলে জানান মমতা। ভাড়া বৃদ্ধির স্বপক্ষে তিনি বলেন, ‘যাঁরা টাকা খরচ করতে পারবেন, তাঁদেরই বাসে ওঠা হবে। আর যাঁরা তা পারবেন না, তাঁরা বাসে উঠবেন না।’

তিনি আরও জানিয়েছেন যে, এই বিষয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবেন। তারপর বাসভাড়া সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, অরেঞ্জ ও গ্রিন জোনে আগেই বাস ও ট্যাক্সি পরিষেবা চালুর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে বাসের সময় এবং রাজ্যের নির্দেশ অনুযায়ী, সামাজিক দূরত্ব বিধি মানতে মাত্র ২০ জন যাত্রী নিয়ে বাস চালাতে হবে বলেও তিনি জানান।

নিষেধাজ্ঞা মেনে বাস চালাতে গেলে যাত্রীভাড়া বাবদ আয়ে টান পড়বে বলে তখনই সরকারকে জানান বাস মালিক সংগঠনগুলির। তার জেরেই নবান্নের ঘোষণার পরেও অরেঞ্জ ও গ্রিন জোনগুলিতে বাসের অভাব রয়ে গেছে। তাদের এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা বাস পরিষেবা দেবে না।

RELATED Articles

Leave a Comment