Bangladesh: ভোটের আগে ফের রক্তাক্ত ময়মনসিংহ—শাটার নামানো দোকানের ভিতর মিলল হিন্দু*ব্যবসায়ীর নিথর দেহ!

নির্বাচনের আবহে ফের উত্তাল বাংলাদেশ, ভোটের আগে থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। ঠিক সেই সময়েই ফের ময়মনসিংহে নেমে এল রক্তাক্ত ছায়া। রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

গতকাল অর্থাৎ সোমবার গভীর রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তায় খুন করা হয় এক চাল ব্যবসায়ীকে। তাঁর নাম সুসেন চন্দ্র সরকার। বয়স ৬২ বছর। স্থানীয়দের কাছে পরিচিত এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ওই বাজারেই নিজের দোকান চালাতেন। রাত আনুমানিক ১১টার দিকে দোকানের ভেতরেই তাঁর উপর হামলা চালানো হয় বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিক কোপ মারা হয় সুসেন চন্দ্র সরকারকে। হামলার পর তাঁর দেহ দোকানের ভেতরেই ফেলে রেখে শাটার নামিয়ে দেয় দুর্বৃত্তরা। দীর্ঘ সময় দোকান বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাঁরা শাটার খুলতেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সুসেন চন্দ্র সরকারকে। দ্রুত তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সুসেন চন্দ্র সরকার বগার বাজার চৌরাস্তায় অবস্থিত ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’-এর মালিক ছিলেন। তাঁর বাড়ি ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামে। পরিবারের দাবি, সুসেন চন্দ্র সরকারের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল না। তাঁর ছেলে সুজন সরকার জানান, দীর্ঘদিন ধরে তাঁদের চালের ব্যবসা চলছে। ঘটনার রাতে বাবাকে নৃশংসভাবে হত্যার পাশাপাশি দোকান থেকে কয়েক লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুনঃ Mithun Chakraborty : রাজ্যসভার একমাত্র আসনে মিঠুন চক্রবর্তী? দিল্লির সিদ্ধান্তে বিজেপির অন্দরে বাড়ছে টানাপোড়েন!

ঘটনার খবর পেয়ে ত্রিশাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এমন ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় মানুষ দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। এখন প্রশ্ন একটাই—নির্বাচনের ঠিক আগের রাতে এই হত্যার নেপথ্যে কারা, আর কেনই বা এমন নির্মম পরিণতি হল এক নিরীহ ব্যবসায়ীর?

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর