পশ্চিমবঙ্গের রাজনীতিতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর। অনুষ্ঠানের পর তিনি জানান, পুরো পরিবেশ ছিল খুবই উজ্জ্বল ও আশাপূর্ণ। মানুষের মধ্যে যেন নতুন উদ্দীপনা এসেছে, দীর্ঘদিনের চাপা অস্বস্তি কিছুটা হলেও কাটিয়ে মানুষ নতুন করে স্বস্তি অনুভব করছে। তিনি উল্লেখ করেন, “যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে ছিল, আজ সেখানে যেন একটুখানি শ্বাসের জায়গা ফিরে এসেছে।”
মমতা শঙ্কর নতুন সরকারের প্রতি আশা প্রকাশ করে বলেন, প্রশাসন যেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে। তিনি মনে করিয়ে দেন, সরকারের কোনো পদে থাকা ব্যক্তিরা যেন কোনওরকম পক্ষপাত বা ভেদাভেদ না করে ন্যায়ের সঙ্গে অন্যায়ের বিচার করতে পারেন। তাঁর মতে, মানুষের আস্থা বজায় রাখতে হলে সরকারকে সততা ও দৃঢ় মনোভাবের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: “যে শিশু মায়ের ভালোবাসা পায়নি, তাকে দিয়েই মা হওয়ার স্বাদ পূর্ণ করেছি” নিজের সন্তান নেননি, কৌশিকের ১৩ বছরের ছেলেকেই আগলে মানুষ করেছেন লাবণী সরকার! মাতৃদিবসে সামনে এল, অভিনেত্রী জীবনের অজানা অধ্যায়!
নাগরিকদের দায়িত্ব নিয়েও তিনি গুরুত্ব দিয়েছেন। মমতা শঙ্কর বলেন, “শুধু সরকার নয়, আমাদেরও নিজেদের জীবন ও আচরণ ঠিক রাখতে হবে। সমাজ বদলাতে গেলে প্রত্যেকের মধ্যে সচেতনতা ও আত্মবিশ্লেষণের মনোভাব থাকা দরকার।” তিনি মনে করান, মানুষের উচিত নিজের আচরণ সঠিক রাখা, নিয়মশৃঙ্খলা মেনে চলা এবং নিজের মধ্যে বিবেক জাগানো। ভালো প্রশাসনের প্রত্যাশা থাকলেও নাগরিকদের সৎ ও দায়িত্বশীল হতে হবে, এটিই তাঁর প্রধান বার্তা।
আইনশৃঙ্খলা ও অপরাধ দমনে কড়া অবস্থানের কথাও বলেন মমতা শঙ্কর। তিনি বলেন, “সরকারে যাঁরা এলেন, তাঁদের দায়িত্ব হল শক্ত হাতে কাজ করা, কিন্তু সহমর্মিতা বজায় রেখে। অপরাধের ক্ষেত্রে সবাইকে সমানভাবে বিচার করা উচিত, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে পার্থক্য করা যাবে না।” তিনি আরও বলেন, অন্যায় করলে তার যথাযথ শাস্তি থাকা দরকার যাতে অন্যরা সেই অপরাধ করার আগে ভয়ে ভাবতে বাধ্য হয়।
মহিলাদের নিরাপত্তা নিয়ে তিনি স্পষ্ট বক্তব্য রাখেন। মমতা শঙ্কর বলেন, “সরকার যেমন মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করবে, ঠিক তেমনই সমাজের প্রতিটি মানুষকেও নিজের আচরণ ঠিক রাখতে হবে। এটি শুধু মহিলাদের জন্য নয়, নারীর পাশাপাশি পুরুষদেরও দায়িত্ব।” অনুষ্ঠানের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, গরম ও রোদে অনেক মানুষ উপস্থিত ছিলেন এবং অনেক পথ হেঁটেছেন। পাশাপাশি তিনি উপস্থিত স্বেচ্ছাসেবক এবং পাশে থাকা বন্ধুদের সহযোগিতার প্রশংসা করেন, যারা তাকে এই পরিস্থিতি সামলাতে সাহায্য করেছে।






