নতুন কাজ নিয়ে ব্যস্ত থাকলেও জন্মদিনে শুধুই পরিবার আর কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়

১৭ মে জন্মদিন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের। এ বছর ৩৯ বছরে পা দিলেন তিনি। সামনে রয়েছে তাঁর দুটি নতুন কাজের মুক্তি। তবে বিশেষ এই দিনে খুব বড় কোনও আয়োজন রাখেননি অভিনেতা। পরিবার ও কাছের মানুষদের সঙ্গেই দিনটা কাটানোর পরিকল্পনা করেছেন তিনি।

জন্মদিনের পরিকল্পনা নিয়ে বিক্রম জানান, মায়ের সঙ্গে দুপুরের খাওয়াদাওয়া করবেন এবং পরিবারের সবার সঙ্গে সময় কাটাবেন। বাবা, বোন এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ছোট করে দিনটি উদযাপন করবেন বলেও জানিয়েছেন অভিনেতা। ব্যস্ত কাজের মাঝেও এই দিনটা তিনি ব্যক্তিগতভাবেই রাখতে চেয়েছেন।

সামনেই মুক্তি পাচ্ছে তাঁর সিরিজ ‘তারকাটা’ এবং ছবি ‘বাবা’। সেই কারণে প্রচারের কাজ চললেও জন্মদিনে কোনও প্রচারমূলক কর্মসূচি রাখেননি বিক্রম। অভিনেতার কথায়, ‘তারকাটা’ মুক্তি পাবে ৫ জুন এবং ‘বাবা’ আসবে ১৯ জুন। তাই প্রচারের ব্যস্ততা থাকলেও আজকের দিনটা শুধুই নিজের মানুষদের জন্য রেখেছেন তিনি।

আরও পড়ুন: “শুধু কূটনীতি নয়, ফিরিয়ে আনলেন ভারতের হারানো গৌরব!” নেদারল্যান্ডস সফরে নরেন্দ্র মোদীর হাত ধরে দেশে ফিরল চোল আমলের হাজার বছরের প্রাচীন তাম্রলিপি!

ছোটপর্দা দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায়। ‘ইচ্ছে নদী’ ও ‘সাতপাকে বাঁধা’র মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন। পরে বড়পর্দাতেও নিজের জায়গা তৈরি করেন তিনি। ‘পারিয়া’, ‘রাস’ এবং ‘শহরের উষ্ণতম দিনে’র মতো ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন অভিনেতা। ওয়েব সিরিজের দুনিয়াতেও তাঁর উপস্থিতি নজর কেড়েছে।

নতুন সিরিজ ‘তারকাটা’ পরিচালনা করেছেন শমীক রায়চৌধুরী। এই সিরিজে একজন পুলিশ অফিসার ও গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে বিক্রমকে। অন্যদিকে ‘বাবা’ ছবিটি মুক্তি পাবে ফাদার্স ডে উপলক্ষে। জিৎ চক্রবর্তীর পরিচালনায় তৈরি এই ছবিতে বিক্রমের সঙ্গে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, মমতা শঙ্কর এবং কিরণ মজুমদার।

আরও অন্যান্য খবর