শুরুর দিন থেকেই দর্শকদের নজরে ছিল ‘চিরদিনই তুমি যে আমার’। গল্পের পাশাপাশি নানা বিতর্কের কারণেও বারবার চর্চায় উঠে এসেছে এই ধারাবাহিক। একসময় শোনা গিয়েছিল, মেগাটি মাঝপথেই বন্ধ হয়ে যেতে পারে। যদিও পরে দিতিপ্রিয়া রায়ের জায়গায় নায়িকা হিসেবে যোগ দেন শিরিন পাল এবং নতুন জুটিকে দর্শকও বেশ পছন্দ করেন।
শিরিন পাল ও জিতু কামালের অনস্ক্রিন রসায়ন খুব অল্প সময়েই জনপ্রিয়তা পায়। তবে এবার আবারও সামনে এসেছে ধারাবাহিক বন্ধ হওয়ার খবর। এই প্রসঙ্গে অভিনেত্রী শিরিন পাল জানান, ইন্ডাস্ট্রিতে এমন গুঞ্জন সত্যিই শোনা যাচ্ছে। যদিও তিনি স্পষ্ট করে কিছু বলতে চাননি, তবুও তাঁর বক্তব্যে জল্পনা আরও বেড়েছে।
টলিপাড়ার সূত্রে খবর, খুব শিগগিরই শেষ হতে পারে ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং। এমনও শোনা যাচ্ছে, ১৮ মে নাকি শেষবারের মতো ফ্লোরে যাবে গোটা টিম। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাননি ধারাবাহিকের অভিনেত্রী। তিনি জানিয়েছেন, এখনই এ নিয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
ধারাবাহিকের জনপ্রিয়তা থাকলেও সাম্প্রতিক সময়ে টিআরপি তালিকায় পিছিয়ে পড়েছে এই মেগা। শুরুতে একাধিকবার সেরা পাঁচে জায়গা করলেও এখন প্রথম দশ থেকেও ছিটকে গিয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের মতে, টিআরপি কমে যাওয়ার কারণেই চ্যানেল এই সিদ্ধান্ত নিতে পারে।
আরও পড়ুনঃ “উনি সিংহম হলেও আমিও পুষ্পা” সেই জাহাঙ্গিরই এবার গ্রেফতারের আশঙ্কায় হাই কোর্টে! ফলতার ভোটের আগে বাড়ছে বিতর্ক, অভিযোগে ঘেরা ‘পুষ্পা’ কি আগাম আইনি রক্ষাকবচ নিয়েই চাপ এড়াতে চাইছেন?
এই ধারাবাহিকে অসম প্রেমের গল্পের পাশাপাশি নায়কের অতীত জীবনের নানা দিক তুলে ধরা হয়েছিল। শিরিন পাল ও জিতু কামালের অভিনয়ও দর্শকদের নজর কেড়েছিল। এখন প্রশ্ন উঠছে, এই মেগার জায়গায় কোন নতুন ধারাবাহিক আসবে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘দুলারী’ নামের নতুন মেগার প্রোমো। অনেকের ধারণা, সেটিই হয়তো জায়গা নিতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’-এর।






