অনলাইন অফলাইন নয় এবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ! অন্নপূর্ণা যোজনায় কারা পাবেন টাকা আর কারা বাদ পড়বেন জানালেন শুভেন্দু অধিকারী!

রাজ্যে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করেন। শুধু অনলাইন বা অফিসে গিয়ে নয়, বাড়ি বাড়ি গিয়েও ফর্ম পূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সরকার। ফলে গ্রাম থেকে শহর সব জায়গার মানুষ যাতে সহজে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন, সেই দিকেই বিশেষ জোর দেওয়া হচ্ছে।

এদিন মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু অযোগ্য ব্যক্তি সুবিধা পাচ্ছেন। প্রশাসনের প্রাথমিক খতিয়ানে দেখা গিয়েছে, প্রায় ৩০ লক্ষ নাম নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, অনেক ক্ষেত্রে নিয়ম না মেনেই নাম অন্তর্ভুক্ত হয়েছে, এমনকি কিছু পুরুষও ওই প্রকল্পের সুবিধাভোগীর তালিকায় ঢুকে পড়েছেন। সেই কারণেই এবার নতুন করে যাচাই শুরু হয়েছে। তবে সিএএ-র আওতাভুক্ত আবেদনকারী বা ট্রাইবুনালে মামলা থাকা কিছু ক্ষেত্রে বিশেষ ছাড় রাখা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, প্রকৃত উপভোক্তাদের হাতে সুবিধা পৌঁছে দিতেই এই পদক্ষেপ।

অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে কোনও তাড়াহুড়ো না করার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, একদিনে সবার পক্ষে ফর্ম পূরণ করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে আবেদন নেওয়া হবে। যতদিন পর্যন্ত কেউ নতুন প্রকল্পে নাম নথিভুক্ত না করছেন, ততদিন তিনি আগের প্রকল্পের সুবিধা পেতে থাকবেন। তবে একবার অন্নপূর্ণা যোজনায় নাম অন্তর্ভুক্ত হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে। এরপর থেকেই নতুন প্রকল্পের আর্থিক সহায়তা চালু হবে। পাশাপাশি যাঁরা নির্দিষ্ট আয়ের বেশি ইনকাম ট্যাক্স দেন, তাঁদের এই প্রকল্পের বাইরে রাখা হতে পারে বলেও জানানো হয়েছে।

কবে থেকে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে, তা নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী ৩ জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে অর্থ প্রদান প্রক্রিয়া শুরু হবে। যদিও প্রশাসনিক স্তরে কাজ শুরু হয়ে যাবে ১ জুন থেকেই। অর্থাৎ জুনের প্রথম সপ্তাহ থেকেই আবেদন যাচাই এবং পরিষেবা দেওয়ার কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে সরকার। যাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম পূরণ করবেন, তাঁদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর পরিকল্পনাও রয়েছে প্রশাসনের।

আরও পড়ুনঃ ‘এমন একজন শিরদাঁড়া শক্ত মানুষকে হারানো অনেকটা বড় ক্ষতি, মেনে নেওয়া কঠিন যে…’, অনীক দত্তের মৃ’ত্যুতে ভেঙে পড়লেন চৈতি ঘোষাল! প্রয়াত পরিচালকের সাহসিকতার গল্প শোনালেন অভিনেত্রী?

ফর্ম কোথায় পাওয়া যাবে, তা নিয়েও বিস্তারিত জানানো হয়েছে। বুধবার সন্ধ্যা থেকেই অনলাইনে ফর্ম উপলব্ধ করা হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি শিবির এবং নির্দিষ্ট কেন্দ্র থেকেও অফলাইনে ফর্ম সংগ্রহ করা যাবে। শুধু তাই নয়, আগামী ৩০ দিন ধরে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ফর্ম পূরণে সাহায্য করার জন্য বিশেষ কর্মসূচিও নেওয়া হয়েছে। এছাড়া জুন মাসে যে জনকল্যাণ শিবির আয়োজন করা হবে, সেখানেও আবেদন জমা দেওয়া এবং বিভিন্ন সমস্যার সমাধানের ব্যবস্থা থাকবে। কোনও ধারা বা তথ্য বুঝতে অসুবিধা হলে সরকারি কর্মীরাই তা বুঝিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর