আমফানের ধ্বংসলীলা শেষ হওয়ার প্রায় চার দিন অতিবাহিত। কিন্তু এখনও দক্ষিণবঙ্গের অনেক জেলাই বিদ্যুৎহীন হয়ে রয়েছে। অনেক আবেদনের পরেও মেলেনি কোনো সাহায্যও। প্রতিবাদে এবার পথ অবরোধ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে দক্ষিণ ২৪ পরগনায় মহেশতলার বাসিন্দাদের।
শনিবার বিকেলে বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে দক্ষিণ কলকাতার কসবা, রাসবিহারী অ্যাভিনিউ কানেক্টরের একাধিক অংশে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। ফলে এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। অসুবিধার মধ্যে পড়েন যাত্রীরা।পরে ঘটনা সামাল দিতে আসে কসবা থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপেই অবরোধ তোলা হয়।
এর আগে, শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকায় বিক্ষোভের জেরে অটোরিকশা ও মোটরবাইকে আগুন ধরিয়ে দেয় জনতা। আমফানের পরে বেহাল দশা হয়েছে মহেশতলার বিস্তীর্ণ অঞ্চলে।সেখানে না আছে বিদ্যুৎ পরিষেবা না আছে পানীয় জলের। এই অবস্থায় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে। অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে রাস্তা অবরোধ করেছেন ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পরিস্হিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন।
এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে স্থানীয় বাসিন্দাদের। মুহূর্তেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক অটোরিকশা ও মোটরবাইক ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। বিক্ষুব্ধ জনতাকে আটকাতে লাঠি চালায় পুলিশ।পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন এক মহিলা, দাবি স্থানীয় বাসিন্দাদের। এমনকি বেশ কয়েকজন বাসিন্দার চোট লেগেছে বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার জেরে শনিবার মহেশতলা অঞ্চল কার্যত থমথমে ছিল। এছাড়া আইন-শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় পুলিশ পিকেটও বসানো হয়।





