আগামী ২০ জুন পালিত হবে বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাইষষ্ঠী। এই বিশেষ দিনে শাশুড়িরা জামাইদের মঙ্গল কামনা করে নানা আচার পালন করেন, পাশাপাশি থাকে পছন্দের খাবারের আয়োজনও। এ বছর এই উৎসব আরও বিশেষ শ্যামৌপ্তি মুদলি ও রণজয় বিষ্ণুর কাছে। কারণ বিয়ের পর এটাই তাঁদের প্রথম জামাইষষ্ঠী। সাধারণত প্রথম জামাইষষ্ঠীকে ঘিরে পরিবারে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। তাই এই তারকা দম্পতির পরিকল্পনা নিয়েও অনুরাগীদের আগ্রহ ছিল। তবে এবারের আয়োজন নিয়ে এক অন্যরকম সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সেই কারণেই তাঁদের প্রথম জামাইষষ্ঠী নিয়ে শুরু হয়েছে আলোচনা।
বিশেষ দিনের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে শ্যামৌপ্তি জানান, এবার কোনও পরিকল্পনার দায়িত্ব তিনি নেননি। বরং সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন স্বামী রণজয়ের উপর। অভিনেত্রীর কথায়, “সমস্ত অনুষ্ঠানে আমিই মূলত প্ল্যান করি। এবার আমি আশা করছি, ও দায়িত্ব কিছুটা নিয়ে নিক আর কী! গিফটস, ইত্যাদি এবার ওর দায়িত্বে। ফলে কী কী প্ল্যান করেছে আমি সত্যিই কিছু জানি না।” ফলে শ্বশুর-শাশুড়ির জন্য রণজয় কী উপহার কিনেছেন বা কী বিশেষ আয়োজন করেছেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। সেই চমক আপাতত সময়ের জন্যই তুলে রাখা হয়েছে। পরিবারের সদস্যরাও সেই পরিকল্পনার অপেক্ষায় রয়েছেন।
তবে জামাইষষ্ঠীর সঙ্গে যে বিষয়টি সবচেয়ে বেশি জড়িয়ে থাকে, তা হল ভুরিভোজ। নানা পদের রান্না ছাড়া এই উৎসবের কথা ভাবাই যায় না। কিন্তু শ্যামৌপ্তি জানিয়েছেন, এ বছর নিয়ম মেনে অনুষ্ঠান হলেও জমিয়ে খাওয়াদাওয়া হবে না। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “কাল সকালে কিছু নিয়ম আছে, সেগুলো পালন করা হবে। যেহেতু ও ভীষণ কড়া একটা ডায়েটে আছে। শুট আছে বলে এই ডায়েট মেনে চলছে। তাই কাল খাওয়া দাওয়া করতে পারবে না। রবিবার সবাই একসঙ্গে ডিনার করব।” অর্থাৎ উৎসবের দিন মেনুতে থাকছে না এলাহি আয়োজন। পরিবর্তে পরিবারের সবাই মিলে অন্যদিন খাওয়াদাওয়ার পরিকল্পনা করেছেন।
বর্তমানে রণজয় বিষ্ণুকে দেখা যাচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’-তে। এই সিরিয়ালে তাঁর বিপরীতে অভিনয় করছেন অভিকা মালাকার। সম্প্রচার শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকটি টিআরপি তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। কাজের চাপ এবং চরিত্রের প্রয়োজনেই এখন কঠোর ডায়েট মেনে চলতে হচ্ছে অভিনেতাকে। সেই কারণেই জামাইষষ্ঠীর দিনেও খাবারের ব্যাপারে কোনও ছাড় দিচ্ছেন না তিনি। যদিও উৎসবের আনন্দ থেকে পুরোপুরি দূরে থাকছেন না। রবিবার পরিবারের সকলকে নিয়ে বিশেষ ডিনারের পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়েছে।
আরও পড়ুনঃ ম’দ্যপ অবস্থায় স্বামীর অমানবিক নি’র্যাতন থেকে প’ণের জন্য হু’মকি! বিচ্ছেদ মামলায় আদালতের রায়ের পর বি’স্ফোরক অভিযোগ দেবলীনার! পাসপোর্ট বাজেয়াপ্তের দাবি, প্রবাহর উড়ান নিয়েও প্রশ্ন তুললেন গায়িকা!
প্রসঙ্গত, শ্যামৌপ্তি মুদলি ও রণজয় বিষ্ণুর প্রেমের শুরু হয় স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’-র সেট থেকে। প্রথমবার এই ধারাবাহিকেই তাঁদের একসঙ্গে দেখেছিলেন দর্শক। পর্দার সম্পর্ক ধীরে ধীরে বাস্তব জীবনেও জায়গা করে নেয়। পরে তাঁরা একসঙ্গে একটি মিউজিক ভিডিওতেও কাজ করেন। দীর্ঘদিনের প্রেমের পর চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসা দিবসেই সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। আর বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁদের প্রথম জামাইষষ্ঠী ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল।






